ঢাকা অফিস • প্রকাশিত: ২১ ডিসেম্বার ২০২৫, ০৭:৩১ এ এম • অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যে রজবের চাঁদ দেখা গেছে, রমজানের প্রহর গোনা শুরু

মধ্যপ্রাচ্যে রজবের চাঁদ দেখা গেছে, রমজানের প্রহর গোনা শুরু

মধ্যপ্রাচ্যের আকাশে হিজরি সপ্তম মাস রজবের চাঁদ দেখা দেওয়ায় শুরু হয়েছে পবিত্র রমজানের দীর্ঘ প্রতীক্ষা। রজব ও শা’বান মাস শেষেই রহমত, বরকত ও মাগফিরাতের মাস রমজানের আগমন ঘটে। যদি রজব মাস ২৯ দিন এবং শা’বান মাস ৩০ দিনের হয়, তবে রমজান শুরু হতে আর মাত্র ৬০ থেকে ৬১ দিন বাকি। চাঁদ দেখার ওপর ভিত্তি করেই রমজানের দিনক্ষণ চূড়ান্ত হবে বলে জানিয়েছে গালফ নিউজ।

জ্যোতির্বিজ্ঞানীদের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী বছর ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্যের একদিন পর সাধারণত বাংলাদেশে রোজা শুরু হয়, সেই হিসেবে ১৯ ফেব্রুয়ারি থেকে এ দেশে রমজান মাস শুরু হতে পারে। তবে সব কিছুই নির্ভর করছে আগামী দিনগুলোতে নতুন চাঁদ দেখা যাওয়ার ওপর।

এদিকে বাংলাদেশে রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করতে রোববার ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আহ্বান করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের কোথাও চাঁদ দেখা গেলে ০২-৪১০৫৩২৯৪ বা ০২-২২৬৬৪০৫১০ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে। সংবাদ পর্যালোচনার পর কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে বাংলাদেশে কবে থেকে রজব মাস শুরু হবে।

ইসলামিক পরিভাষায় রজব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ মাস। হিজরি বর্ষপঞ্জির যে চারটি মাসে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ, তার মধ্যে রজব অন্যতম। এছাড়া এই মাসের ২৬ তারিখ রাতে পবিত্র শবে মেরাজ পালিত হয়, যা মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মহিমান্বিত মাস থেকেই মুমিন মুসলমানরা মানসিকভাবে রমজানের প্রস্তুতি নিতে শুরু করেন।