এখন সময় ডেস্ক • প্রকাশিত: ২৮ অক্টোবার ২০২৫, ১২:৪২ এ এম • অনলাইন সংস্করণ

মঙ্গলবার থেকে সারা দেশে টানা বৃষ্টির সম্ভাবনা

মঙ্গলবার থেকে সারা দেশে টানা বৃষ্টির সম্ভাবনা

 দেশের কোথাও আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে সারা দেশে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (২৬ অক্টোবর) প্রকাশিত পূর্বাভাসে অধিদপ্তর জানায়, সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।

পূর্বাভাসে আরও বলা হয়, সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–একটি এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অংশে আবহাওয়া শুষ্ক থাকবে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

তবে মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা থেকে রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া শুষ্ক থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনাও রয়েছে।