সৌদি আরবের পবিত্র গ্র্যান্ড মসজিদে তীর্থযাত্রীদের শিশুসন্তানদের নিরাপত্তা জোরদার করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববির কার্যক্রম পরিচালনাকারী জেনারেল অথরিটি এবার মসজিদ চত্বরে প্রবেশের সময় শিশুদের হাতে বিশেষ ব্রেসলেট পরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে।
এই ব্রেসলেটে সংশ্লিষ্ট শিশুর অভিভাবকের মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় যোগাযোগের তথ্য সংরক্ষিত থাকবে। ভিড়ের মধ্যে কোনো শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে বা হারিয়ে গেলে এই ব্রেসলেটের মাধ্যমে দ্রুত তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি অভিভাবকের সঙ্গে শিশুর পুনর্মিলনও ত্বরান্বিত হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি সমন্বিত নিরাপত্তা কর্মসূচির অংশ। জরুরি পরিস্থিতিতে মসজিদের নিরাপত্তা কর্মীরা এই ব্রেসলেটের তথ্য ব্যবহার করে দ্রুত ব্যবস্থা নিতে পারবেন। বর্তমানে মসজিদের প্রধান প্রবেশপথগুলোতে এই সেবা চালু রয়েছে। বিশেষত কিং আবদুল আজিজ গেট এবং কিং ফাহদ গেট, যা গেট নম্বর ৭৯ নামেও পরিচিত, সেখানে এই ব্রেসলেট বিতরণ করা হচ্ছে।
প্রবেশপথে নিয়োজিত প্রশিক্ষিত কর্মীরা অভিভাবকদের সহায়তা করছেন যাতে তারা সহজেই তাদের যোগাযোগের তথ্য নিবন্ধন করতে পারেন। এই উদ্যোগটি হজ ও উমরাহ মৌসুমে লাখো তীর্থযাত্রীর ভিড়ের মধ্যে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।