মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার বিরুদ্ধে 'তথাকথিত মাদকবিরোধী' অভিযান শিগগিরই স্থলপথে পরিচালনা করার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মার্কিন সেনাদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে এই মন্তব্য করেন তিনি।
ট্রাম্পের এই ঘোষণায় ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ভেনেজুয়েলা দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে, এসব সামরিক অভিযান প্রকৃতপক্ষে দেশটির শাসনব্যবস্থা পরিবর্তনের উদ্দেশ্য নিয়েই পরিচালিত হচ্ছে।
ভিডিও কনফারেন্সে ট্রাম্প টেক্সাসভিত্তিক একটি বিমান বাহিনীর বোমারু ইউনিটকে উদ্দেশ্য করে বলেন, "সাম্প্রতিক সপ্তাহগুলোতে আপনারা ভেনিজুয়েলার মাদক পাচার প্রতিরোধে অনেক কাজ করে যাচ্ছেন।" তিনি যেসব সামরিক বাহিনীর সঙ্গে কথা বলেছেন, তাদের কয়েকটি গ্রুপ ইতোমধ্যেই মাদকবিরোধী অভিযানে 'সাউদার্ন স্পিয়ার'-এ অংশ নিচ্ছে। এই অভিযান শুরুর আগে ক্যারিবিয়ান অঞ্চলে ব্যাপক সামরিক উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে।
এর আগে মার্কিন সেনাবাহিনী আন্তর্জাতিক জলসীমায় মাদক পাচারের অভিযোগে নৌকাগুলোর ওপর একাধিক বিমান হামলা চালিয়েছে। তবে নিজেদের এই দাবিকে সমর্থন করার জন্য তারা কোনো নিশ্চিত প্রমাণ উপস্থাপন করেনি। প্রকাশিত তথ্য অনুযায়ী, ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এসব হামলায় কমপক্ষে ৮৩ জন নিহত হয়েছেন।
জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা ইতোমধ্যেই সতর্ক করেছে যে, যুক্তরাষ্ট্র যেসব নৌকায় হামলা করেছে, সেগুলো মাদকবাহী ছিল— এই বিষয়ে কোনো নিশ্চিত প্রমাণ নেই। ফলে এই হত্যাকাণ্ডকে ভবিষ্যতে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করার সম্ভাবনা রয়েছে।