বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে যুক্ত হলো আরও একটি আন্তর্জাতিক স্বীকৃতি। ভিয়েতনামে অনুষ্ঠিত দা নং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল-এ সমালোচক বিভাগে সেরা এশিয়ান চলচ্চিত্র (ক্রিটিকস অ্যাওয়ার্ড ফর বেস্ট এশিয়ান ফিল্ম) পুরস্কার জিতেছে নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’।
শনিবার (৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে এ অর্জনের খবর জানান নির্মাতা নিজেই। এক পোস্টে তিনি বলেন, এই সম্মান অর্জনে তিনি গর্বিত ও কৃতজ্ঞ। একই সঙ্গে চলচ্চিত্রটিকে আন্তর্জাতিক দর্শকের সামনে তুলে ধরার সুযোগ করে দেওয়ায় উৎসব কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জানান তিনি।
মেজবাউর রহমান সুমন আরও বলেন, ‘রইদ’-এর প্রতি আস্থা রাখার জন্য জুরি বোর্ডের সদস্য কং রিথডি, হোয়াং ক্যাম জিয়াং এবং হোয়াং থু হ্যাংয়ের প্রতিও তিনি আন্তরিক কৃতজ্ঞ।
চলচ্চিত্রটির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি ও গাজী রাকায়েত। এর গল্প রচনা করেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ এবং সুকর্ণ শাহেদ ধীমান।
সুনামগঞ্জের বিভিন্ন লোকেশনে নির্মিত ‘রইদ’-এর একটি বিশেষ দিক হলো, এতে অংশ নেওয়া অনেক অভিনয়শিল্পীই প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। নির্মাতার তথ্য অনুযায়ী, তাদের অভিনয়ের জন্য প্রস্তুত করতে প্রায় ছয় মাসব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছিল।
আন্তর্জাতিক এই স্বীকৃতির মাধ্যমে ‘রইদ’ শুধু একটি চলচ্চিত্র হিসেবেই নয়, বরং বাংলাদেশের গল্প ও সংস্কৃতিকে বৈশ্বিক পরিসরে তুলে ধরার ক্ষেত্রেও নতুন একটি মাইলফলক স্থাপন করল।