ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী হেলিকপ্টারটি কেরালার প্রামাদম স্টেডিয়ামে অবতরণের পর দুর্ঘটনায় পড়ে। বুধবার (২২ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, অবতরণের সময় হেলিপ্যাডের একাংশ হঠাৎ ধসে পড়ে, ফলে হেলিকপ্টারটি কিছুটা বেসামাল হয়ে যায়। তবে রাষ্ট্রপতিসহ কেউই আহত হননি। পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে এবং ক্ষতিগ্রস্ত হেলিকপ্টারটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
স্থানীয় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শেষ মুহূর্তে প্রামাদম স্টেডিয়ামকে বিকল্প অবতরণস্থল হিসেবে বেছে নেওয়া হয়েছিল। মূলত হেলিকপ্টারটির নীলক্কাল এলাকায় অবতরণের কথা ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে পরিকল্পনা বদলানো হয়।
তিনি আরও জানান, অবতরণের আগের রাতে তড়িঘড়ি করে হেলিপ্যাড নির্মাণ করা হয়েছিল, যার কংক্রিট পুরোপুরি শক্ত হয়নি। ফলে অবতরণের সময় হেলিকপ্টারের চাকা বসে গিয়ে হেলিপ্যাডের নিচের অংশ ধসে পড়ে।
রাষ্ট্রপতি মুর্মু নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছে প্রশাসন। ঘটনাটির ভিডিও ইতিমধ্যে সংবাদসংস্থা এএনআই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে।