ঢাকা অফিস • প্রকাশিত: ২২ অক্টোবার ২০২৫, ০৬:৩৩ এ এম • অনলাইন সংস্করণ

ভারতের সঙ্গে ১০ নয়, শুধু একটি চুক্তি বাতিল হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের সঙ্গে ১০ নয়, শুধু একটি চুক্তি বাতিল হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে এখন পর্যন্ত মাত্র একটি চুক্তি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি আদানির সঙ্গে জ্বালানি চুক্তি পুনর্বিবেচনার বিষয়টি সরকার পর্যালোচনা করছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি জানান, “অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে এখন পর্যন্ত একটি চুক্তিই বাতিল করেছে। ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসইর সঙ্গে টাগবোট চুক্তি বাতিল করা হয়েছে, কারণ এটি বাংলাদেশের জন্য তেমন লাভজনক ছিল না।”

তৌহিদ হোসেন বলেন, “ভারতের সঙ্গে যেসব চুক্তি বাতিলের কথা বলা হচ্ছে, তার অনেকগুলো বাস্তবে নেই। একজন উপদেষ্টার ফেসবুকে প্রকাশিত তালিকাটি সঠিক নয়। তালিকার অধিকাংশ চুক্তি বাস্তবেই নেই। একটি পুরোনো চুক্তি আছে, আর কয়েকটি চুক্তি এখন পর্যালোচনার মধ্যে রয়েছে, তবে ওই নামগুলোতে নয়।”

তিনি আরও জানান, ত্রিপুরা–চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প বা অভয়পুর–আখাউড়া রেলপথ সম্প্রসারণ নামে কোনো প্রকল্প নেই। ‘আশুগঞ্জ–আগরতলা করিডর’ নামেও কোনো প্রকল্প নেই। তবে আশুগঞ্জ নদীবন্দর–সরাইল–ধরখার–আখাউড়া স্থলবন্দর মহাসড়ককে চার লেন করার একটি প্রকল্প আছে, যার একটি প্যাকেজ বাতিল হয়েছে।

ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প নামে কোনো চুক্তি নেই; একটি সমঝোতা স্মারক আছে, যা বাতিল হয়নি। একইভাবে কুশিয়ারা নদীর পানি বণ্টন সংক্রান্ত চুক্তিও আসলে একটি সমঝোতা স্মারক, সেটিও স্থগিত হয়নি।

তৌহিদ হোসেন আরও বলেন, “বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি নামে কোনো প্রকল্প নেই। মংলা বন্দর ব্যবহার করে বাংলাদেশ–ভারতের মধ্যে পণ্য পরিবহন চুক্তি এখনও বহাল আছে। ফারাক্কা বাঁধে বাংলাদেশের আর্থিক সহযোগিতা বা সিলেট–শিলচর সংযোগ প্রকল্পের মতো কোনো বিষয়ও বাস্তবে নেই। পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তিও হয়নি।”

তিনি জানান, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বাতিল করা হয়নি; প্রক্রিয়া চলছে। আদানি বিদ্যুৎ প্রকল্প নিয়ে পুনর্বিবেচনা চলছে। গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী বছর শেষ হবে—এ বিষয়ে নবায়নের জন্য আলোচনাও শুরু হয়েছে। তিস্তা চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে, তবে তেমন অগ্রগতি হয়নি।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সোমবার ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার করেন, যেখানে দাবি করা হয়েছিল ভারতের সঙ্গে ১০টি চুক্তি ও প্রকল্প বাতিল হয়েছে এবং বাকিগুলোও বিবেচনাধীন রয়েছে।