শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া ১০টি চুক্তি ও প্রকল্প বাতিল হয়েছে বলে দাবি করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রবিবার (১৯ অক্টোবর) ফেসবুকে এক পোস্টে আসিফ মাহমুদ জানান, ভারতের সঙ্গে সম্পাদিত ১০টি চুক্তি ও প্রকল্প বাতিল হয়েছে এবং আরও কয়েকটি পুনর্বিবেচনার পর্যায়ে রয়েছে।
সোমবার (২০ অক্টোবর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।”
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ ভারতের সঙ্গে বাতিল ও পুনর্বিবেচনাধীন চুক্তির তালিকাও প্রকাশ করেন। তার দেওয়া তালিকা অনুযায়ী, বাতিল হওয়া ও পুনর্বিবেচনাধীন প্রকল্পগুলো হলো—
১. ত্রিপুরা–চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প (বাতিল)
২. অভয়পুর–আখাউড়া রেলপথ সম্প্রসারণ (বাতিল)
৩. আশুগঞ্জ–আগরতলা করিডোর (বাতিল)
৪. ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প (বাতিল)
৫. কুশিয়ারা নদীর পানি বণ্টন প্রকল্প (স্থগিত)
৬. বন্দর ব্যবহারের জন্য সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি (বাতিল)
৭. ফারাক্কাবাদ সংক্রান্ত আর্থিক সহযোগিতা প্রস্তাব (বাতিল)
৮. সিলেট–শিলচর সংযোগ প্রকল্প (বাতিল)
৯. পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি (বাতিল)
১০. ভারতীয় অর্থনৈতিক অঞ্চল (মিরসরাই ও মোংলা) (বাতিল)
১১. আদানি পাওয়ার বিদ্যুৎ আমদানি চুক্তি (পুনর্বিবেচনা)
১২. গঙ্গা পানি বণ্টন চুক্তি (নবায়ন/পুনর্বিবেচনা)
১৩. তিস্তা নদী পানি বণ্টন চুক্তি (আলোচনাধীন)
১৪. জিআরএসই কোম্পানির সঙ্গে ট্যাগ বোট চুক্তি (বাতিল)
আসিফের দাবি অনুযায়ী, এসব প্রকল্প ও চুক্তি নতুন সরকারের নীতি পর্যালোচনার অংশ হিসেবে বাতিল বা পুনর্বিবেচনা করা হয়েছে। তবে এ বিষয়ে সরকারি কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো পাওয়া যায়নি।