বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যের প্রতি অসন্তোষ জানিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজনাথ সিংয়ের মন্তব্যটি ‘অযথার্থ’ এবং ‘শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম শনিবার বাসসকে দেওয়া প্রতিক্রিয়ায় বলেন, “আমরা মনে করি, রাজনাথ সিংয়ের মন্তব্য সঠিক ও গঠনমূলক নয়; বরং এটি কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনকও নয়।”
ভারতের নেটওয়ার্ক১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল জোশির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেন, “আমরা বাংলাদেশের সঙ্গে কোনো টানাপোড়েন চাই না, তবে ইউনূসকে তার বক্তব্যে সতর্ক থাকতে হবে।” সাক্ষাৎকারটি শুক্রবার প্রকাশ করে নেটওয়ার্ক১৮-এর গণমাধ্যম ফার্স্টপোস্ট।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, “বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্য। আমরা মনে করি, পারস্পরিক সম্মান, সার্বভৌম সমতা ও একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতেই দুই দেশের সম্পর্ক বজায় রাখা উচিত।”
তিনি আরও জানান, বাংলাদেশ বিশ্বাস করে, মতপার্থক্য বা দৃষ্টিভঙ্গির ভিন্নতা গঠনমূলক ও শ্রদ্ধাশীল সংলাপের মাধ্যমেই সমাধান করা সম্ভব।