এখন সময় ডেস্ক • প্রকাশিত: ২৪ ডিসেম্বার ২০২৫, ০৭:১৭ এ এম • অনলাইন সংস্করণ

ভারতের দাদাগিরি রুখতে বাংলাদেশিদের পাশে পাকিস্তান: কামরান সাঈদ উসমানি

ভারতের দাদাগিরি রুখতে বাংলাদেশিদের পাশে পাকিস্তান: কামরান সাঈদ উসমানি

বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ভারতের যেকোনো আগ্রাসন বা অশুভ তৎপরতার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লীগ-এনের (পিএমএল-এন) যুব শাখার প্রধান কামরান সাঈদ উসমানি। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এই কড়া বার্তা দেন। যদিও তিনি সরাসরি ভারতের নাম উচ্চারণ করেননি, তবে ‘ব্রাহ্মণ রাষ্ট্র’ সম্বোধন করে তিনি সতর্ক করেন যে বাংলাদেশের স্বাধীনতার ওপর কোনো প্রকার আঘাত এলে পাকিস্তান হাত গুটিয়ে বসে থাকবে না।

উসমানি তার বক্তব্যে স্পষ্ট করেন যে যদি কেউ বাংলাদেশের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করে বা দেশটির স্বাধীনতার ওপর হস্তক্ষেপের চেষ্টা করে, তবে পাকিস্তানের সাধারণ জনতা তাদের ভাইদের পাশে দাঁড়াবে। তিনি বলেন, যদি বাংলাদেশের দিকে কেউ কুদৃষ্টিতে তাকায়, তবে মনে রাখা উচিত পাকিস্তানের সেনাবাহিনী এবং মিসাইল কিন্তু খুব বেশি দূরে নেই।

ভিডিও বার্তায় তিনি নিহত বাংলাদেশি তরুণ ওসমান হাদির প্রসঙ্গ টেনে আনেন। তিনি অভিযোগ করেন, যখনই কোনো মুসলিম তরুণ প্রতিবাদী হয়ে ওঠে, তাকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়। বাংলাদেশের মানুষকে দাসত্বের শৃঙ্খলে আটকে রাখতে ভারত পানি বন্ধ করে দেওয়া বা অন্তর্কোন্দল সৃষ্টি করার মতো ষড়যন্ত্র করছে বলে তিনি দাবি করেন। উসমানি বলেন, ওসমান হাদিকে হত্যা করা হলেও তার চিন্তাধারাকে মুছে ফেলা সম্ভব হয়নি এবং আজ বাংলাদেশ ও পাকিস্তানের প্রতিটি শিশু একেকজন ওসমান হাদি হয়ে উঠেছে।

বক্তব্যের শেষ দিকে তিনি বাংলাদেশের মানুষের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, বর্তমানে বাংলাদেশের সাধারণ মানুষ ভারতীয় আধিপত্য পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। পাকিস্তান এবং দেশটির সেনাবাহিনী সর্বদা বাংলাদেশের পাশে থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।