খেলাধুলা ডেস্ক • প্রকাশিত: ১১ ডিসেম্বার ২০২৫, ০৪:৩৩ পিএম • অনলাইন সংস্করণ

ভারতকে হারানোর সাফল্যের জন্য পুরস্কার পেলেন বাংলাদেশ ফুটবল দলের সদস্যরা

ভারতকে হারানোর সাফল্যের জন্য পুরস্কার পেলেন বাংলাদেশ ফুটবল দলের সদস্যরা

অবশেষে পুরস্কার হাতে পেলেন বাংলাদেশ ফুটবল দলের সদস্যরা। ২২ বছর পর এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতকে ১–০ গোলে হারানোর ঐতিহাসিক সাফল্যের জন্য খেলোয়াড় ও কোচিং স্টাফদের এই অর্থ পুরস্কার দেওয়া হলো।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ভারতের বিপক্ষে জয়ের পরপরই হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া ও পুরো দলকে ২ কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছিলেন। ম্যাচের ২২ দিন পর বুধবার (১০ ডিসেম্বর) সেই পুরস্কার প্রদান করা হয়।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভবনে সংস্থার পরিচালক (প্রশিক্ষণ) লাবণী চাকমার কাছ থেকে চেক গ্রহণ করেন দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ম্যানেজার আমের খান ও বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

ভারতের বিপক্ষে খেলা ২৩ জন খেলোয়াড়, প্রধান কোচ হাভিয়ের কাবরেরা এবং ম্যানেজার আমের প্রত্যেকে ৭ লাখ টাকা করে পুরস্কার পেয়েছেন। অন্যদিকে, কোচিং স্টাফের অন্য পাঁচ সদস্য পেয়েছেন ৫ লাখ টাকা করে।

যদিও আর্থিক পুরস্কার পাননি টিম অ্যাটেনডেন্ট, ভিডিও অ্যানালিস্ট, মিডিয়া ম্যানেজার ও টিম ডাক্তার, যারা সেই ম্যাচের অংশ ছিলেন।

আর্থিক পুরস্কার বিতরণের বিষয়ে ম্যানেজার আমের খান জানান, ‘ফেডারেশন থেকে ৪০ জনের তালিকা দেওয়া হয়েছিল। ভারত ম্যাচের আগে ইব্রাহিমসহ আরও কয়েকজন ক্যাম্পে ছিল, তাদের নামও ছিল। কারণ তারা দলের অংশ। আমরা আজ এনএসসিতে ৩০ জনের চেক পেয়েছি।’