ঢাকা অফিস • প্রকাশিত: ০১ ডিসেম্বার ২০২৫, ০৮:৩৮ এ এম • অনলাইন সংস্করণ

বেগম জিয়া দেশের স্বার্থে ‘আপসহীন নেত্রী’: শিবির সভাপতি

বেগম জিয়া দেশের স্বার্থে ‘আপসহীন নেত্রী’: শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বিএনপি যতদিন ধরে ধারণ করতে পারবে, ততদিন দলের নীতি স্থায়ী থাকবে। তিনি বলেন, বাম ও কথিত বন্ধু রাষ্ট্র কখনো দেশের স্বার্থে উপকার করে না; তাদের এজেন্ডা বিভাজন ও স্বার্থসিদ্ধি।

জাহিদুল ইসলাম এক ফেসবুক পোস্টে বলেন, শৈশব থেকেই বেগম খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড দেখেছি। বেগম জিয়ার অন্যতম বৈশিষ্ট্য ছিল নম্রতা এবং সফটনেস, যা শেখ হাসিনার বিপরীত। তবে বেগম জিয়াকে যে পরিচয়ে সবচেয়ে বেশি চিনেছি, তা হলো দেশের স্বার্থে ‘আপসহীন নেত্রী’।

তিনি বলেন, ১/১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি জুলুম-নির্যাতন সহ্য করেছেন, কিন্তু কোনো ফ্যাসিবাদী বা দেশবিরোধী শক্তির কাছে মাথা নত করেননি। বেগম জিয়ার অসুস্থতায় দলমত-নির্বিশেষে যে দোয়ার ছড়াছড়ি হচ্ছে, তা বাংলাদেশের ইতিহাসে খুবই স্বাভাবিক ঘটনা নয়।

তারেক রহমান সম্পর্কে জাহিদুল ইসলাম বলেন, যতটুকু দেখেছি, তিনি একজন স্মার্ট নেতা। তবে গত দেড় বছরে বিএনপির কার্যক্রম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম জিয়ার আদর্শের সাথে মিলছে না। তিনি বলেন, তারেক রহমান যেন নিজের স্বকীয়তা ধরে রেখে রাজনীতি চালান। ছাত্রশিবিরসহ দেশপ্রেমিক বিপ্লবী শক্তি তাকে সমর্থন করবে।

জাহিদুল ইসলাম আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে যতটুকু জানা সম্ভব হয়েছে, ছাত্রসংগঠক ও সচেতন নাগরিক হিসেবে আমি উনাদের প্রতি মুগ্ধ। তিনি তিনটি কারণে বিশেষভাবে মুগ্ধ—বাংলাদেশের রাজনীতিতে বিভাজনের দেয়াল ভেঙে ঐক্যের সূচনা, আধিপত্যবাদের বিরুদ্ধে সাহসী অবস্থান এবং পার্বত্য অঞ্চলের বিষয়ে দূরদর্শী নেতৃত্বের কৌশলী পরামর্শ।

তিনি বলেন, ক্ষমতা কখনো স্থায়ী নয়, কিন্তু আচরণ ও আদর্শ মানুষকে ভালোবাসা বা ঘৃণার স্থায়ী শক্তি দেয়। মহান আল্লাহ আমাদেরকে দেশের স্বার্থে সঠিক বুঝ এবং দিকনির্দেশনা দিন।