বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, বাংলাদেশের ইতিহাসে এই মুহূর্ত পর্যন্ত হিসাব করলে বেগম খালেদা জিয়াই ছিলেন দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাখা শোক বইয়ে স্বাক্ষর শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের মরহুমার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, পুরো জাতি আজ ঐক্যবদ্ধভাবে এবং প্রশ্নহীন চিত্তে তাঁর প্রতি শোক জানাচ্ছে। তিনি খালেদা জিয়াকে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক আপসহীন নেত্রী হিসেবে অভিহিত করেন। জামায়াতের এই জ্যেষ্ঠ নেতা উল্লেখ করেন, বেগম জিয়া তাঁর রাজনৈতিক জীবনের প্রতিটি পদক্ষেপে প্রমাণ করেছেন যে তিনি অত্যন্ত দেশপ্রেমিক ছিলেন এবং কোনো পরাক্রমশালী প্রতিবেশীর সঙ্গে দেশের প্রশ্নে কখনো আপস করেননি। এই দেশপ্রেমের কারণেই তাঁকে বারবার রাজনৈতিক নিপীড়নের শিকার হতে হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
খালেদা জিয়ার অসুস্থ থাকাকালীন সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, সে সময় দলমত নির্বিশেষে সকল স্তরের মানুষ উদ্বেগের সঙ্গে তাঁর সুস্থতা কামনা করেছিলেন। তিনি মনে করেন, খালেদা জিয়া মানুষের সর্বোচ্চ ভালোবাসা ও সম্মান নিয়ে মৃত্যুবরণ করেছেন। তাঁর রাজনৈতিক সফলতার মূল ভিত্তি ছিল দেশের প্রতি গভীর টান, যা আগামীতে দেশবাসীকে নিজেদের দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর তাঁকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।