ঢাকা অফিস • প্রকাশিত: ০৮ নভেম্বার ২০২৫, ১০:২১ পিএম • অনলাইন সংস্করণ

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার নাম তৃতীয় স্থানে

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার নাম তৃতীয় স্থানে

বায়ুদূষণের মাত্রায় আবারও শীর্ষে উঠে এসেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা ৫২ মিনিটে আন্তর্জাতিক বায়ু মান পর্যবেক্ষণ সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার)-এর তথ্য অনুযায়ী, দিল্লির বায়ুর মান সূচক (একিউআই) ৬৪৩ রেকর্ড করা হয়েছে, যা “বিপজ্জনক” মাত্রার মধ্যে পড়ে।

দিল্লির পরপরই দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। সেখানে একিউআই স্কোর ৩৪৬, যা একইভাবে বিপজ্জনক পর্যায়ের ইঙ্গিত দেয়। তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, যার বায়ুদূষণ সূচক ১৯১—এটি “অস্বাস্থ্যকর” স্তরের মধ্যে পড়ে।

বায়ুর মান সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত স্কোর থাকলে তা “ভালো” হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত “মাঝারি” বা সহনীয় মাত্রা, ১০১ থেকে ১৫০ পর্যন্ত “সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর”, ১৫১ থেকে ২০০ “অস্বাস্থ্যকর”, ২০১ থেকে ৩০০ “খুবই অস্বাস্থ্যকর” এবং ৩০১-এর ওপরে থাকলে সেটি “বিপজ্জনক” হিসেবে বিবেচিত হয়।

বিশেষজ্ঞদের মতে, দিল্লি ও লাহোরে শীতের শুরুতে ধোঁয়াশা, যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন এবং খোলা জায়গায় বর্জ্য পোড়ানোর কারণে দূষণের মাত্রা হঠাৎ বেড়ে যায়। ঢাকাতেও একই কারণে শীত মৌসুমে বায়ুদূষণ মারাত্মক রূপ নেয় বলে জানিয়েছেন পরিবেশবিদরা।