দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রকাশ করেছে ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিম’–এর ২০২৬ সংস্করণ। এবারের তালিকায় আবারও স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
তালিকা অনুযায়ী, ড. ইউনূস বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলমানদের মধ্যে ৫০তম স্থানে রয়েছেন। প্রতিবেদনে তাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচনে তাঁর উদ্যোগ এবং সামাজিক ব্যবসায়িক মডেলের সাফল্য তাঁকে এ স্বীকৃতি এনে দিয়েছে। এর আগে তিনি ২০২৪ ও ২০২৫ সালের সংস্করণেও তালিকায় ছিলেন।
২০২৬ সালের তালিকার শীর্ষে রয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের বিশিষ্ট ইসলামি পণ্ডিত শেখ মুহাম্মদ তাকি উসমানি এবং তৃতীয় স্থানে ইয়েমেনের সুফি আলেম শেখ হাবিব উমর বিন হাফিজ।
শীর্ষ দশে আরও রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যিদ আলী খামেনি (৪র্থ), জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল-হুসেন (৫ম), আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড শেখ ড. আহমেদ মুহাম্মদ আল-তাইয়েব (৬ষ্ঠ), তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান (৭ম), সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ (৮ম), সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান (৯ম) এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম (১০ম)।
২০০৯ সাল থেকে দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রতিবছর এই তালিকা প্রকাশ করে আসছে। রাজনীতি, ধর্ম, সমাজ, সংস্কৃতি, অর্থনীতি ও গণমাধ্যমে মুসলিম ব্যক্তিত্বদের অবদানকে স্বীকৃতি জানাতে প্রতিষ্ঠানটি ‘দ্য মুসলিম ৫০০’ প্রতিবেদনটি প্রকাশ করে।