এখন সময় রিপোর্ট • প্রকাশিত: ০৭ নভেম্বার ২০২৫, ১০:১২ পিএম • অনলাইন সংস্করণ

বিরোধী দলে গেলেও কল্যাণমূলক কাজে অংশ নেওয়ার অঙ্গীকার জামায়াতের

বিরোধী দলে গেলেও কল্যাণমূলক কাজে অংশ নেওয়ার অঙ্গীকার জামায়াতের

বিরোধী দলে থাকলেও দেশের কল্যাণ ও মানবিক কাজে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, সমাজের কল্যাণে জামায়াত সর্বদা কাজ করে যাবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেট মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের উন্নয়ন ও মানবিক উদ্যোগে অংশ নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যে অবস্থানেই থাকি না কেন, জনগণের পাশে থাকব।”

বিএনপির দিকে ইঙ্গিত করে জামায়াত আমির বলেন, “একটি বন্ধু সংগঠন বলেছে, তারা ক্ষমতায় গেলে জামায়াত ছাড়া সবাইকে নিয়ে সরকার গঠন করবে। কিন্তু যদি আল্লাহর ইচ্ছায় জনগণের সমর্থনে আমরা নির্বাচিত হই, তাহলে তারাও আমাদের সঙ্গে দেশ গঠনে অংশ নিতে পারবে।”

তিনি আরও বলেন, “যদি আমাদের বিরোধী দলে বসতে হয়, আমরা আশ্বস্ত করতে চাই—প্রত্যেক ভালো ও মানবিক কর্মকাণ্ডে আমরা অংশ নেব। তবে কেউ যদি ক্ষমতায় গিয়ে জনগণের স্বার্থবিরোধী কাজ করে, আমরা প্রথমে পরামর্শ দেব। সংশোধন না হলে অতীতের মতোই প্রতিবাদে সোচ্চার হব।”

ডা. শফিকুর রহমান বলেন, “দল, মত ও ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করা যাবে না। আমাদের লক্ষ্য ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করা। বাংলাদেশ আমাদের সবার, তাই দেশ ও মানুষের কল্যাণই হবে আমাদের প্রধান দায়িত্ব।”