মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের (প্রায় ৬১ হাজার কোটি টাকা) মানহানির মামলা করেছেন। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পরাজয়ের পর ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন আইনসভার বৈঠকের স্থান ক্যাপিটল হিলে তার সমর্থকদের হামলার নির্দেশ দিচ্ছেন—এমন একটি সম্পাদিত ভিডিও প্রতিবেদন প্রকাশের জেরে তিনি এই মামলা করেছেন। স্থানীয় সময় সোমবার (১৫ ডিসেম্বর) তিনি এই মানহানির মামলা দায়ের করেন।
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজিত হন ট্রাম্প। তবে তিনি সেসময় নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছিলেন। এমন পরিস্থিতিতে ২০২১ সালের ৬ জানুয়ারি তার সমর্থকরা ক্যাপিটল হিলে হামলা চালালে বেশ কয়েকজন নিহত হন।
এই হামলার জন্য ট্রাম্পকে উসকানিদাতা হিসেবে দায়ী করা হয়েছিল, যদিও তিনি বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন। পরবর্তী সময়ে ২০২৪ সালের নির্বাচনের আগে বিবিসি তাদের 'প্যানারোমা' ডকু সিরিজে একটি ভিডিও প্রতিবেদন তৈরি করে। এই প্রতিবেদনে এমনভাবে উপস্থাপন করা হয় যাতে মনে হয় ক্যাপিটল হিলসে হামলার জন্য ট্রাম্প সমর্থকদের উসকানি দিয়েছেন। এই প্রতিবেদনের কারণেই ট্রাম্প মামলা করেছেন।
জানা যায়, বিবিসি পরে এই ঘটনার জন্য ট্রাম্পের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছিল। তারা স্বীকার করে যে, বিভিন্ন ক্লিপ এডিট করে প্রতিবেদনটি এমনভাবে তৈরি করা হয়েছিল, যাতে ভুলভাবে প্রতীয়মান হয় যে ট্রাম্প ক্যাপিটল হিলসে হামলার জন্য সরাসরি নির্দেশ দিয়েছেন। তবে ওই বিতর্কিত ভিডিও প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রে প্রকাশ করা হয়নি। চলতি বছরই ট্রাম্প বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপের ঘোষণা দিয়েছিলেন।
এই ঘটনার জেরে বিবিসির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। ট্রাম্পের আইনজীবীর অভিযোগ, এই প্রতিবেদনের কারণে তার মক্কেলের সম্মানহানি হয়েছে এবং ব্যাপক আর্থিক ক্ষতিও হয়েছে।
সূত্র: সিএনএন