জুলাই বিপ্লবের রাজপথ কাঁপানো ছাত্রনেতা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক জমকালো অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় জিতুর সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদের নির্বাচিত আরও বেশ কয়েকজন প্রতিনিধি বিএনপিতে ও এর অঙ্গসংগঠন ছাত্রদলে নাম লিখিয়েছেন।
অনুষ্ঠানে যোগদান পরবর্তী বক্তব্যে ভিপি জিতু বলেন, "একটি সুন্দর ও সাম্যের বাংলাদেশ বিনির্মাণে আমি আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করব ইনশাআল্লাহ।" তার এই যোগদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হবে বলে মনে করা হচ্ছে। এদিন অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ছাত্রদলে যোগ দিয়েছেন শহিদ সালাম বরকত হলের ভিপি মারুফ হাসান, জিএস মাসুদ রানা মিন্টু এবং আ ফ ম কামালউদ্দিন হলের এজিএস রিপন মন্ডল।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আবদুর রশিদ জিতুর বিএনপিতে যোগদান দলটির জন্য বড় একটি অর্জন। জুলাই আন্দোলনে সম্মুখসারির যোদ্ধা হিসেবে জাবি ক্যাম্পাসে তার ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয়। বিশেষ করে যেখানে জাকসুর ২৫টি পদের মধ্যে ২০টিতেই শিবির সমর্থিত প্যানেল জয়লাভ করেছিল, সেখানে স্বতন্ত্র প্যানেল থেকে ভিপি নির্বাচিত হয়ে জিতু নিজের রাজনৈতিক কারিশমা প্রমাণ করেছিলেন। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট আন্দোলনে তার সরব উপস্থিতি তাকে সাধারণ শিক্ষার্থীদের কাছে আস্থার প্রতীকে পরিণত করেছে। বিএনপির মতো একটি ঐতিহ্যবাহী দলে তার অন্তর্ভুক্তি শিক্ষিত তরুণ সমাজকে দলটির প্রতি আরও আগ্রহী করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রুহুল কবির রিজভী এ সময় বলেন, "জাকসু ভিপি জিতুসহ জাবির হল সংসদের প্রতিনিধিদের আমরা স্বাগত জানাই। তরুণ প্রজন্মের এই সাহসী নেতৃত্ব আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"