বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরান। একই সঙ্গে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আন্দিমেশক শহরের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ রিকনাইস্যান্স ড্রোন ভূপাতিত করেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) আইআরজিসির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম।
আইআরজিসির দাবি, তাদের মহাকাশ বাহিনীর পরিচালনায় মোতায়েন করা নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ধ্বংস করা হয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফলে হামলা ও ড্রোন ভূপাতিতের দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে, আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরাকের কুর্দিস্তান অঞ্চলেও নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। কুর্দি বাহিনী জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলের আকাশে বিস্ফোরকবোঝাই আটটি ড্রোন ভূপাতিত করেছে।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, এরবিলে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছাকাছি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। যদিও এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে ইরানের এই দাবি এবং ইরাকে ড্রোন হামলার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।