ঢাকা অফিস • প্রকাশিত: ০৫ জুলাই ২০২৬, ০৭:৫৮ পিএম • অনলাইন সংস্করণ

বাংলাদেশে সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

বাংলাদেশে সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

সরকারি অনুষ্ঠান উপলক্ষে তৈরি করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে সরকার। এ-সংক্রান্ত একটি পরিপত্র রোববার (৫ জুলাই) জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

পরিপত্রে বলা হয়েছে, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন কিংবা বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি, তা থ্রিডি বা অন্য যেকোনো আঙ্গিকেই হোক না কেন, ব্যবহার করা যাবে না।

এতে আরও নির্দেশনা দেওয়া হয়েছে যে, সরকারি অনুষ্ঠানের প্রচারসামগ্রী তৈরির ক্ষেত্রে ব্যক্তির ছবি নয়, বরং অনুষ্ঠানের বিষয়বস্তু ও উদ্দেশ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে এমন তথ্য উপস্থাপন করতে হবে, যা অনুষ্ঠানের মূল বার্তা, লক্ষ্য এবং তাৎপর্য স্পষ্টভাবে তুলে ধরে।

পরিপত্রে নকশা প্রণয়নের ক্ষেত্রেও বিষয়ভিত্তিক ও সামঞ্জস্যপূর্ণ উপস্থাপনার ওপর জোর দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব সরকারি দপ্তর ও সংস্থাকে এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পরিপত্র জারির সঙ্গে সঙ্গেই এ নির্দেশনা কার্যকর হবে।