ঢাকা অফিস • প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:১৫ এ এম • অনলাইন সংস্করণ

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন। খবরটি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট ৭৫টি দেশের কনস্যুলার অফিসে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, চলমান ভিসা যাচাই-বাছাই প্রক্রিয়া পুনর্মূল্যায়নের অংশ হিসেবে আপাতত এসব দেশের নাগরিকদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে হবে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, ইরান, ইরাক, মিশর, নাইজেরিয়া, রাশিয়া, সিরিয়া, সুদান, নেপাল, থাইল্যান্ডসহ এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও লাতিন আমেরিকার মোট ৭৫টি দেশ।

এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট বলেন, “ভিসা প্রক্রিয়াকরণে দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে নতুন করে মূল্যায়ন করা হচ্ছে। মূলত যেসব বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রে এসে সরকারি ত্রাণ বা সুযোগ-সুবিধার ওপর নির্ভর করতে পারেন—তাদের প্রবেশ ঠেকাতেই এই পদক্ষেপ।”

তিনি আরও জানান, ২০২৫ সালের নভেম্বরে বিশ্বব্যাপী মার্কিন দূতাবাসগুলোকে অভিবাসন আইনের ‘পাবলিক চার্জ’ বিধান কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল। এর আওতায় আবেদনকারীদের স্বাস্থ্যগত অবস্থা, আর্থিক সক্ষমতা, ইংরেজি ভাষা শেখার সক্ষমতা এবং দীর্ঘমেয়াদি চিকিৎসা সহায়তার সম্ভাবনাও বিবেচনায় নেওয়া হচ্ছে।

নির্দেশনায় বলা হয়েছে, যেসব আবেদনকারী ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তার ওপর নির্ভর করতে পারেন বলে আশঙ্কা রয়েছে, তাদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে হবে। এমনকি বয়স্ক ও অতিরিক্ত ওজনের আবেদনকারীদের ক্ষেত্রেও কঠোর অবস্থান নেওয়ার কথা বলা হয়েছে।

এই সিদ্ধান্ত কার্যকর হলে সংশ্লিষ্ট দেশগুলোর হাজারো ভিসা আবেদনকারী বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়বেন বলে মনে করছেন অভিবাসন বিশ্লেষকরা।