এখন সময় ডেস্ক • প্রকাশিত: ২৭ অক্টোবার ২০২৫, ১২:৪৮ এ এম • অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মন্থা’ তৈরি হচ্ছে, উপকূলজুড়ে এক নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মন্থা’ তৈরি হচ্ছে, উপকূলজুড়ে এক নম্বর সতর্ক সংকেত

 বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ‘মন্থা’ নামের ঘূর্ণিঝড়টি সৃষ্টি হতে পারে। বর্তমানে এটি গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে, তবে সোমবারের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ২৮ অক্টোবর প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।  

ভারতের আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে, গভীর নিম্নচাপটি বর্তমানে পোর্ট ব্লেয়ার থেকে ৬১০ কিলোমিটার পশ্চিমে, চেন্নাই থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণপূর্বে, বিশাখাপত্তম থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে প্রায় ৯৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছে।  

পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। বিশেষ করে মাখিলিপাটনাম ও কাকিনাদা অঞ্চলে এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে বলে ধারণা করা হচ্ছে।  

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও জানিয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।  

রোববার সকালে অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভীর নিম্নচাপটির প্রভাবে দেশের চারটি সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।  

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এতে ওই অঞ্চলের সাগর উত্তাল হয়ে উঠেছে।  

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।  

এদিকে, বঙ্গোপসাগরের পাশাপাশি আরব সাগরেও একটি নতুন নিম্নচাপের সৃষ্টি হয়েছে, যা আগামী কয়েক দিনে শক্তি সঞ্চার করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় ভারতীয় সেনাবাহিনীকে ইতোমধ্যে সতর্কাবস্থায় রাখা হয়েছে।  

থাইল্যান্ডের প্রস্তাবিত নাম ‘মন্থা’ ঘূর্ণিঝড়টির জন্য বেছে নেওয়া হয়েছে। থাই ভাষায় ‘মন্থা’ শব্দের অর্থ সুন্দর ফুল।