রাজধানীর ফার্মগেটের খেজুরবাগান মোড়ে মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড (বিয়ারিং স্প্রিং) ছিটকে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটির পর নিরাপত্তার স্বার্থে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
নিহতের নাম আবুল কালাম (৩৫-৪০), বাড়ি শরীয়তপুরে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক জানান, বিয়ারিং প্যাড ছিটকে পড়ে ঘটনাস্থলেই ওই পথচারীর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুর্ঘটনার সময় আবুল কালাম ফুটপাত দিয়ে ব্যাগ হাতে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ উড়ালপথ থেকে বিয়ারিং স্প্রিংটি নিচে পড়ে তার মাথায় আঘাত হানে এবং পাশের একটি চপ-শিঙাড়ার দোকানের সামনের কাঁচ ভেঙে দেয়। এতে আরও দুইজন আহত হন। প্রত্যক্ষদর্শীদের অনুমান, ছিটকে পড়া স্প্রিংটির ওজন ছিল প্রায় ৪০-৫০ কেজি।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে পুরো রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে মেরামত শেষে ট্রেন চালু করা হবে।
এর আগে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায় একই ধরনের একটি বিয়ারিং প্যাড ছিটকে পড়েছিল, তখনও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল ১১ ঘণ্টা বন্ধ রাখতে হয়। পুনরায় এমন ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
মেট্রোরেলের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানান, “ফার্মগেটের খেজুরবাগান মোড়ের নির্মাণ নকশায় ত্রুটি রয়েছে। আগের দুর্ঘটনার পরও জাপানি ঠিকাদার প্রতিষ্ঠান সেটি যথাযথভাবে সংশোধন করেনি।”
প্রসঙ্গত, মেট্রোরেলের উড়ালপথে প্রতিটি বিয়ারিং প্যাডের ওজন ১৪০ থেকে ১৫০ কেজি পর্যন্ত হয়। এগুলো রাবারের তৈরি এবং পিলারের সঙ্গে যুক্ত থাকে। এসব প্যাড সরে গেলে বা ছিটকে পড়লে উড়ালপথের ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি থাকে, তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চলাচল বন্ধ রাখা হয়েছে।