এখন সময় ডেস্ক • প্রকাশিত: ০৭ ডিসেম্বার ২০২৫, ০৬:১৩ এ এম • অনলাইন সংস্করণ

প্রিমিয়াম রেসিডেন্টদের জন্য অ্যালকোহলের বিশেষ দোকান খোলা হয়েছে সৌদি আরবে

প্রিমিয়াম রেসিডেন্টদের জন্য অ্যালকোহলের বিশেষ দোকান খোলা হয়েছে সৌদি আরবে

৭০ বছরেরও বেশি সময় ধরে সৌদি আরবে মদ নিষিদ্ধ। কিন্তু সম্প্রতি রাজধানী রিয়াদে একটি নামহীন দোকানে চুপিসারে ধনী বিদেশী বাসিন্দাদের কাছে হুইস্কি এবং শ্যাম্পেন বিক্রি হচ্ছে বলে ফিসফাস শুরু হতেই দোকানের বাইরে গাড়ির লাইন পড়ে যেতে বেশি সময় লাগেনি।

‘দ্য নিউইয়র্ক টাইমস’-এর সাথে কথা বলা পাঁচজন ক্রেতার মতে, এই মদের দোকানটি আগে শুধুমাত্র কূটনীতিকদের জন্য খোলা ছিল, যারা নিষেধাজ্ঞার আওতামুক্ত। তবে সম্প্রতি, এটি ব্যয়বহুল "প্রিমিয়াম রেসিডেন্সি" পারমিটধারী অ-মুসলিম বিদেশিদের কাছেও বিক্রি শুরু করেছে। প্রিমিয়াম রেসিডেন্সি হলো একটি সীমিত মর্যাদা, যা সাধারণত সরকারি মালিকানাধীন সংস্থাগুলিতে বা স্বাস্থ্যসেবার মতো কৌশলগত ক্ষেত্রগুলিতে কর্মরত ধনী বা উচ্চ শিক্ষিত বিদেশীদের দেওয়া হয়।

বিষয়টির সংবেদনশীলতা এবং অ্যালকোহল পাওয়ার নতুন সুযোগ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ক্রেতারা (প্রিমিয়াম রেসিডেন্ট এবং কূটনীতিকদের মিশ্রণ) নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। যদিও রক্ষণশীল ইসলামী এই রাজ্যে অ্যালকোহল নীতি পরিবর্তনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও গত সপ্তাহে রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টারে অবস্থিত দোকানটির বাইরে গিয়ে দেখা গেছে জমজমাট ব্যবসা।

দূতাবাসে ভরা এই নির্জন এলাকার অন্যান্য ভবনের মতোই দেখতে এই বেইজ রঙের কমপ্লেক্সটি। দোকানটির একমাত্র স্বাতন্ত্র্য হলো একটি রহস্যময় সাইনবোর্ড, যেখানে লেখা: “ভ্যাটমুক্ত পণ্য শুধুমাত্র কূটনীতিকদের জন্য।” সারি সারি দামি এসইউভি একটি ধাতব গেটের কাছে আসে, যেখানে একজন নিরাপত্তারক্ষী আইডি দেখে প্রবেশের অনুমতি দেন।

দোকান থেকে বেরিয়ে আসা ক্রেতারা ভিড়ের কথা বর্ণনা করেন, যেখানে নতুন উৎসাহী ক্রেতারা সারিতে দাঁড়িয়ে হাজার হাজার ডলারের মদ কিনছেন। প্রবেশ প্রক্রিয়ার এই শিথিলতা একটি নতুন দ্বৈত মূল্য ব্যবস্থার সাথে মিলে গেছে: কূটনীতিকদের জন্য এক ধরনের উচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে, এবং প্রিমিয়াম রেসিডেন্টদের জন্য দাম রাখা হয়েছে আরও বেশি। একটি রসিদে দেখা যায়, মাঝারি মানের এক বোতল সাদা ওয়াইনের দাম প্রায় ৮৫ ডলার, যা মার্কিন যুক্তরাষ্ট্রে এর দামের পাঁচ গুণেরও বেশি।

সৌদি সরকারের মিডিয়া অফিস সেন্টার ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন এ বিষয়ে কোনো মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

সৌদি আরবে দ্রুত কিন্তু কখনও কখনও অস্পষ্ট উপায়ে পরিবর্তন আসছে, আর দোকানটির বিষয়ে সরকারি নীরবতা এবং ব্যাখ্যার অভাব এই পরিবর্তনের সাথে সামঞ্জস্যপূর্ণ। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অধীনে এক দশকের মধ্যে সৌদি আরব আমূল পরিবর্তিত হয়েছে। একসময় ধর্মীয় পুলিশের কঠোরতা, কঠোর পোশাকবিধি এবং নারী গাড়ি চালানোয় নিষেধাজ্ঞার জন্য কুখ্যাত দেশটি এখন মিশ্র-লিঙ্গের রেভ পার্টির আয়োজন করে, এবং সৌদি নারীরা এখন অবাধে গাড়ি চালাতে, কাজ করতে ও বিদেশে ভ্রমণ করতে পারেন।

তবে বৃহত্তর সামাজিক উদারতার এই পথটি বিভ্রান্তিকর। কর্মকর্তারা নীতিগত পরিবর্তন নিয়ে জনসমক্ষে প্রায়শই অস্পষ্ট থাকেন, যা বিতর্কের জন্ম দিতে পারে। ফলে পরিবর্তনটি আসলেই ঘটেছে কিনা তা অস্পষ্ট থাকে। নিউ অরলিন্সের তুলেন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক এবং সৌদি রাজনীতি বিশেষজ্ঞ অ্যান্ড্রু লেবার বলেছেন, “সৌদি কর্তৃপক্ষ অনেক সামাজিক নীতির ক্ষেত্রে এমনই করেছে। কোনো বড় ঘোষণা না দিয়ে, পরিস্থিতির মোড় ফিরিয়ে আনার সুযোগ রেখে, নীরবে পরিবর্তনগুলি ঘটতে দেওয়া।”

উদাহরণস্বরূপ, ২০১৮ সাল পর্যন্ত রাজ্য জুড়ে সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান দৈনিক একাধিকবার নামাজের জন্য বন্ধ থাকত। এখন আর তা হয় না, কিন্তু এই পরিবর্তনের কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছিল না। এর বদলে ব্যবসায়িক প্রক্রিয়াগুলি কয়েক বছর ধরে ধাপে ধাপে পরিবর্তিত হয়েছে, যা অনেক বিভ্রান্তির সৃষ্টি করেছে।

কয়েক সপ্তাহ আগেও যুবরাজের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা দ্য টাইমসকে বলেছিলেন যে তিনি অ্যালকোহল বৈধ করার কোনো পরিকল্পনার কথা জানেন না।

১৯৫০-এর দশকে সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে অ্যালকোহল নিষিদ্ধ করে। সেই সময় টাইম ম্যাগাজিনের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, সৌদি আরবের প্রতিষ্ঠাতা রাজার এক পুত্র মদ খাওয়ার পর এক ব্রিটিশ কূটনীতিককে হত্যা করার পরই এই নিষেধাজ্ঞা আসে। ধর্মীয় কারণেও কোরানে মুসলমানদেরকে মদ পরিহার করতে বলা হয়েছে।

নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, যুক্তরাষ্ট্রে প্রো-হিবিশনের সময়ের মতোই এখানে একটি সক্রিয় কালোবাজার রয়েছে। বহু দশক ধরে, ব্যক্তিগত পার্টি, আবাসিক কম্পাউন্ড এবং ধনী সৌদি বাড়িগুলিতে ঘরোয়া তৈরি স্পিরিট এবং আমদানিকৃত দামি মদ পরিবেশন করা হয়েছে। জানুয়ারি ২০২৪ পর্যন্ত দূতাবাসগুলি সীমাহীন পরিমাণে মদ আমদানি করতে পারত। নতুন রিয়াদের দোকানটি একটি আনুষ্ঠানিক বিকল্প হিসেবে খোলা হয়েছিল কিন্তু শুধুমাত্র অ-মুসলিম কূটনীতিকদের প্রবেশের অনুমতি ছিল এবং তাদের জন্য মাসিক কোটার সীমা ছিল।

কর্তৃপক্ষের পক্ষ থেকে মদ বিক্রির অনুমতি দেওয়ার একাধিক কারণ রয়েছে। রাজপুত্রের উচ্চশিক্ষিত বিদেশী কর্মীদের আকৃষ্ট করার উদ্যোগে রাজ্যের আপাতদৃষ্টিতে "সংযত" সামাজিক জীবন বাধা সৃষ্টি করছিল। সৌদি আরব ২০৩৪ সালের পুরুষদের ফুটবল বিশ্বকাপের আয়োজন করবে, এবং অনেক বিদেশী দর্শক মদ কিনতে চাইবেন। অর্থনৈতিক বৈচিত্র্যের পরিকল্পনার অংশ হিসেবে সরকার পর্যটন প্রসারিত করতে এবং তেল বহির্ভূত আয় বাড়ানোর জন্যও চাপের মুখে রয়েছে। লেবার বলেছেন, “পাশের দুবাইয়ে মদ বিক্রি ও সংশ্লিষ্ট কর যে বিপুল অর্থ উপার্জনের মাধ্যম, তা সৌদি সরকার এড়িয়ে যেতে পারেনি।” দুবাইয়ে মুসলমান সহ সকলের জন্য মদ সহজলভ্য।

বিশাল তেল সম্পদ থাকা সত্ত্বেও, সৌদি আরব বর্তমানে বাজেট সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং আগামী বছরগুলিতে রাজস্ব ঘাটতির সম্মুখীন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।