এখন সময় ডেস্ক • প্রকাশিত: ২৮ অক্টোবার ২০২৫, ০৭:১৭ এ এম • অনলাইন সংস্করণ

পুতিনকে ট্রাম্পের পরামর্শ: ক্ষেপণাস্ত্র নয়, ইউক্রেন যুদ্ধ শেষ করুন

পুতিনকে ট্রাম্পের পরামর্শ: ক্ষেপণাস্ত্র নয়, ইউক্রেন যুদ্ধ শেষ করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানিয়েছেন পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিবর্তে ইউক্রেন যুদ্ধের অবসানে মনোযোগ দিতে।

সোমবার হোয়াইট হাউসের প্রকাশ করা এক অডিও বার্তায় ট্রাম্প সাংবাদিকদের বলেন, “পুতিনের উচিত যুদ্ধ বন্ধ করা, ক্ষেপণাস্ত্র নয়।”

এর আগে রবিবার পুতিন জানান, রাশিয়া সফলভাবে পারমাণবিক শক্তিচালিত নতুন ক্ষেপণাস্ত্র ‘বুরেভেস্তনিক’-এর পরীক্ষা চালিয়েছে, যা যেকোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। তিনি আরও বলেন, দেশটি শিগগিরই এই অস্ত্র মোতায়েনের পথে হাঁটছে।

রাশিয়ার সামরিক বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি জানিয়েছেন, গত ২১ অক্টোবর পরীক্ষামূলক উৎক্ষেপণে ক্ষেপণাস্ত্রটি ১৪ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে এবং প্রায় ১৫ ঘণ্টা আকাশে অবস্থান করে।

জাপান সফরে থাকা অবস্থায় ট্রাম্পকে সাংবাদিকেরা রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “আমাদের এত দূর উড়ার দরকার নেই। রাশিয়ার উপকূলের কাছেই যুক্তরাষ্ট্রের শক্তিশালী পারমাণবিক সাবমেরিন মোতায়েন আছে।”

তিনি আরও যোগ করেন, “রাশিয়া জানে, বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক সাবমেরিন আমাদেরই। তাদের তীরে পৌঁছাতে আমাদের সাবমেরিনকে ৮ হাজার মাইল যেতে হয় না। আর ক্ষেপণাস্ত্র পরীক্ষা আমরা সবসময়ই করে থাকি।”

পুতিনকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, “যে যুদ্ধ এক সপ্তাহে শেষ হওয়ার কথা ছিল, তা এখন চতুর্থ বছরে গড়িয়েছে। তাই নতুন অস্ত্র পরীক্ষায় সময় নষ্ট না করে বরং যুদ্ধ শেষ করার দিকে মনোযোগ দেওয়া উচিত।”

ট্রাম্পের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ক্রেমলিন জানায়, রাশিয়া তাদের নিজস্ব জাতীয় স্বার্থে কাজ করে যাবে। তবে ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি হবে বলে তারা মনে করে না।