পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর আজ শুক্রবার (৫ ডিসেম্বর) দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফরকারীদের ৩ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফেরাল লাল-সবুজের দল।
কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল। নির্ধারিত ২০ ওভারে তারা ৭ উইকেট হারিয়ে ৮০ রানের মামুলি সংগ্রহ দাঁড় করায়। এই লক্ষ্য তাড়া করতে নেমে একসময় চাপে পড়লেও, শেষ পর্যন্ত এক ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।
প্রথমে বোলিংয়ে নেমে বাংলাদেশের পক্ষে একাই চার উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামান হাবিবা ইসলাম পিংকি। তিনি ৪ ওভারের স্পেলে মাত্র ১৭ রান দিয়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪২ বলে ২৮ রান করেন কোমল খান। এছাড়া জুফিশান আয়াজ ১৭ এবং রাবাইল ফারহান ১৫ রান করেন।
৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ৩৬ রানে ৪ উইকেট পড়ে গেলে ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা (৩৮ বলে ৩২) একপ্রান্ত আগলে ধরে দলকে লড়াইয়ে রাখেন। মিডল অর্ডারে ফারজানা ইসলাম মেধা তাকে কিছুটা সঙ্গ দেন। ১৬ থেকে ১৮ ওভারের মধ্যে আরও ৩ উইকেট হারিয়ে দল চাপে পড়ে যায়।
তবে শেষ দুই ওভারে যখন ১১ রানের প্রয়োজন, তখন ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন সাদিয়া আক্তার। ১০ বলে অপরাজিত ১৩ রানের ইনিংস খেলার পথে ১৯তম ওভারেই দুটি বাউন্ডারি হাঁকিয়ে দলের ৩ উইকেটের জয় নিশ্চিত করেন তিনি। পাকিস্তানের পক্ষে মেমোনা খালিদ ও আলিসা মুখতিয়ার ২টি করে উইকেট নেন।
আগামী রোববার (৭ ডিসেম্বর) একই মাঠে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান অনূর্ধ্ব-১৯: ৮০/৭ (২০ ওভার)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৮১/৭ (১৯ ওভার)
ফলাফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল ৩ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: হাবিবা ইসলাম পিংকি