এখন সময় ডেস্ক • প্রকাশিত: ২৮ অক্টোবার ২০২৫, ১২:৪৫ এ এম • অনলাইন সংস্করণ

পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত হয়ে আসছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’

পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত হয়ে আসছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’

অনিয়ম ও দুর্নীতির কারণে আর্থিক সংকটে পড়া দেশের পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংককে একীভূত করে নতুন একটি ব্যাংক গঠনের কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যাংকটির নাম নির্ধারণ করা হয়েছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’।

একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এসব ব্যাংক দীর্ঘদিন ধরে তারল্য সংকট ও শাসনব্যবস্থায় দুর্বলতার কারণে নজরদারির মধ্যে ছিল।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, সরকার গঠিত একটি বিশেষ কমিটি ইতিমধ্যে নতুন ব্যাংক প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু করেছে। সম্মিলিত ইসলামী ব্যাংক নামের এই প্রতিষ্ঠান প্রাথমিকভাবে সরকারি মালিকানাধীন ব্যাংক হিসেবে পরিচালিত হবে, যেখানে সরকার প্রাথমিক মূলধন হিসেবে দেবে ২০ হাজার কোটি টাকা—এর মধ্যে ১০ হাজার কোটি টাকা নগদে এবং বাকি ১০ হাজার কোটি টাকা সুকুক বন্ডের মাধ্যমে।

নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন ধরা হয়েছে ৪০ হাজার কোটি টাকা, যার মধ্যে পরিশোধিত মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা। অবশিষ্ট ১৫ হাজার কোটি টাকা প্রাতিষ্ঠানিক আমানতকারীদের শেয়ারে রূপান্তর করে যোগান দেওয়া হবে। এতে ব্যাংকের পাওনাদার ও ঋণগ্রহীতাদের কিছু অর্থ শেয়ার আকারে রূপান্তর করা হবে, যা দীর্ঘমেয়াদে নগদায়নের পরিকল্পনায় অন্তর্ভুক্ত থাকবে।

সরকারি কমিটির সূত্রে জানা গেছে, নতুন ব্যাংকের সংঘবিধি ও সংঘস্মারক (Articles & Memorandum of Association) চূড়ান্তের কাজ চলছে। এটি আগামী মঙ্গলবার আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে যাচাই-বাছাইয়ের জন্য। পরে বাংলাদেশ ব্যাংক ও আইন মন্ত্রণালয়ের অনুমোদনের পর এটি নিবন্ধনের জন্য যাবে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে (আরজেএসসি)।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ইতিমধ্যে পাঁচ ব্যাংক থেকে আর্থিক ও প্রশাসনিক তথ্য সংগ্রহ শুরু করেছেন। শাখা পুনর্বিন্যাস, জনবল সমন্বয়, এবং প্রযুক্তি নেটওয়ার্ক একীভূত করার বিষয়েও আলোচনা চলছে। কর্মকর্তারা জানিয়েছেন, অনেক জেলা শহরে এই পাঁচ ব্যাংকের একাধিক শাখা রয়েছে; সেক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী শাখা একীভূত বা স্থানান্তর করা হবে।

একই সঙ্গে আমানতকারীদের আস্থা ধরে রাখতে ও ব্যাংকগুলোতে জমার প্রবাহ স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংক ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন বলেন, “ব্যাংক একীভূত করার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আমরা লিখিত সিদ্ধান্তের অপেক্ষায় আছি। ইতিমধ্যে ব্যাংকের আমানত, ঋণ, জনবল ও শাখা–নেটওয়ার্কের হিসাব-নিকাশ চলছে।”

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা আশা করছেন, এই বছরের মধ্যেই ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে, এবং পাঁচ ব্যাংকের কার্যক্রম একীভূত হয়ে নতুন কাঠামোতে রূপ নেবে।