খেলাধুলা ডেস্ক • প্রকাশিত: ২৬ নভেম্বার ২০২৫, ০৬:৫৪ এ এম • অনলাইন সংস্করণ

নোয়াখালী এক্সপ্রেস যুক্ত হয়ে ছয় দলেই হচ্ছে বিপিএলের দ্বাদশ আসর

নোয়াখালী এক্সপ্রেস যুক্ত হয়ে ছয় দলেই হচ্ছে বিপিএলের দ্বাদশ আসর

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরকে ঘিরে যোগ হলো নতুন চমক। পাঁচ দলের প্রতিযোগিতা হিসেবে পরিকল্পনা করা হলেও শেষ মুহূর্তে যুক্ত হয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। দেশ ট্রাভেলসের মালিকানায় এবারের আসরে প্রথমবার অংশ নেবে নোয়াখালীর এই নতুন দল। ফলে বিপিএলের দলসংখ্যা দাঁড়িয়েছে ছয়ে।

বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, সব দলের জন্য ২৭ নভেম্বরের মধ্যে ব্যাংক গ্যারান্টি দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। ইতোমধ্যে নোয়াখালী এক্সপ্রেসকে অনুমোদনের বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। দলটির একজন কর্মকর্তা জানান, রাতেই ই-মেইলের মাধ্যমে দল নিশ্চিত হওয়ার খবর পৌঁছেছে এবং আজ চূড়ান্ত হবে অন্যান্য আনুষ্ঠানিকতা।

তিন দফা পেছানোর পর বিপিএলের নিলাম অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর। এবার প্রথমবারের মতো প্লেয়ার্স ড্রাফট বাদ দিয়ে আয়োজন করা হবে অকশন। সবকিছু ঠিক থাকলে বিপিএলের নতুন মৌসুম মাঠে গড়াবে ২৬ ডিসেম্বর এবং ফাইনাল হতে পারে ২৪ জানুয়ারি।

এবারের আসরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মালিকানাতেও এসেছে পরিবর্তন। একনজরে এবারের

বিপিএলের ৬টি দল ও তাদের মালিকানা:

১. রংপুর রাইডার্স — টগি স্পোর্টস

২. ঢাকা ক্যাপিটালস — চ্যাম্পিয়ন স্পোর্টস

৩. সিলেট টাইটান্স — ক্রিকেট উইথ সামি

৪. রাজশাহী ওয়ারিয়র্স — নাবিল গ্রুপ

৫. চিটাগং রয়েলস — ট্রায়াঙ্গাল সার্ভিস

৬. নোয়াখালী এক্সপ্রেস — দেশ ট্রাভেলস

নতুন দল যুক্ত হওয়ায় সমর্থকদের আগ্রহ আরও বেড়েছে। বিশেষ করে নোয়াখালীবাসীর জন্য এটি বড় আনন্দের খবর—দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে এবার তারা নিজেদের প্রতিনিধিত্ব দেখতে পাবেন প্রথমবারের মতো।