ঢাকা অফিস • প্রকাশিত: ২১ অক্টোবার ২০২৫, ০৬:৩৫ পিএম • অনলাইন সংস্করণ

নির্বাচনে এআই প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে কেন্দ্রীয় নজরদারির ঘোষণা সিইসির

নির্বাচনে এআই প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে কেন্দ্রীয় নজরদারির ঘোষণা সিইসির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার রোধে কেন্দ্রীয়ভাবে নজরদারির ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচনের আগে ও চলাকালীন সময়ে এআই-ভিত্তিক অপপ্রচার প্রতিহত করতে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে কার্যকর কৌশল নির্ধারণ করেছে।


মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ‘নির্বাচনে এআই-এর অপব্যবহার রোধে করণীয়’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি।


তিনি বলেন, “নির্বাচনের আগের রাতেও এআই ব্যবহার করে অপপ্রচার চালানোর আশঙ্কা রয়েছে। এসব বিবেচনায় পার্বত্য ও দুর্গম অঞ্চলগুলোর দিকেও বিশেষ গুরুত্ব দিতে হবে।”  


সিইসি আরও বলেন, “এআইয়ের অপব্যবহার এখন বৈশ্বিক চ্যালেঞ্জ। নির্বাচনকে বিভ্রান্তিমুক্ত ও নিরপেক্ষ রাখতে এ প্রযুক্তি যেন অপতথ্যের হাতিয়ার না হয়, সে জন্য ইসি একটি কার্যকর সেল গঠনের উদ্যোগ নিয়েছে।”


কর্মশালায় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, প্রযুক্তি বিশেষজ্ঞ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সিইসির সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশগ্রহণকারীরা নির্বাচনী প্রক্রিয়ায় প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে করণীয় নিয়ে মতবিনিময় করেন।