ঢাকা অফিস • প্রকাশিত: ৩০ ডিসেম্বার ২০২৫, ০৮:২৮ এ এম • অনলাইন সংস্করণ

নির্বাচনী লড়াইয়ে ফিরলেন মাহমুদুর রহমান মান্না

নির্বাচনী লড়াইয়ে ফিরলেন মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন চেম্বার জজ আদালত। সোমবার আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন আদালত এই আদেশ দেন। এর ফলে বগুড়া-২ আসন থেকে তার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

এর আগে গত ২৪ ডিসেম্বর হাইকোর্ট মান্নার রিট আবেদন খারিজ করে দিয়েছিলেন, যার ফলে তার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ আটকে গিয়েছিল। হাইকোর্টের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আপিল বিভাগে আবেদন করেন মান্না। আদালতে তার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। চেম্বার আদালতের নতুন আদেশের ফলে এখন তিনি ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর বা সিআইবির তালিকা থেকে মুক্ত হলেন।

ঘটনার সূত্রপাত হয় গত ১০ ডিসেম্বর, যখন ইসলামী ব্যাংকের বগুড়া বড়গোলা শাখা মান্নার নেতৃত্বাধীন প্রতিষ্ঠান আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের কাছে ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা বকেয়া আদায়ের জন্য নোটিশ পাঠায়। ২০১০ সালে নেওয়া ২২ কোটি টাকার বিনিয়োগের বিপরীতে মুনাফা ও জরিমানা বেড়ে এই অংক দাঁড়ায়। ব্যাংক কর্তৃপক্ষ ১৮ ডিসেম্বরের মধ্যে অর্থ পরিশোধের সময়সীমা বেঁধে দিয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালতের এই আদেশের ফলে রাজনৈতিক অঙ্গনে মান্নার প্রার্থিতা নিয়ে চলা অনিশ্চয়তার অবসান ঘটল।