খেলাধুলা ডেস্ক • প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০২৬, ০৪:৫৫ এ এম • অনলাইন সংস্করণ

নিরাপত্তা ঝুঁকিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ

নিরাপত্তা ঝুঁকিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে আইসিসিকে ইমেইলের মাধ্যমে এই আপত্তির কথা জানিয়েছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। রোববার বিসিবির বোর্ড সভায় ১৭ জন পরিচালকের উপস্থিতিতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। মূলত সরকারি পরামর্শ ও বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোনো দেশে সরিয়ে নেওয়ার জন্য আইসিসির কাছে আবেদন করা হয়েছে।

নতুন সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হওয়ার কথা ছিল। একই ভেন্যুতে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষেও লিটন দাসের দলের খেলার কথা ছিল। এছাড়া গ্রুপের শেষ ম্যাচটি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তা শঙ্কার কারণে এখন পুরো বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।

ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন যে, বোর্ড সভা শেষে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। তবে চিঠির বিস্তারিত বয়ান নিয়ে তিনি সরাসরি মন্তব্য না করে বিসিবির আনুষ্ঠানিক প্রেস রিলিজের অপেক্ষা করতে বলেছেন। তিনি শুধু নিশ্চিত করেছেন যে, বাংলাদেশ বিকল্প ভেন্যুর দাবি জানিয়েছে। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে সম্পর্কের যে টানাপোড়েন তৈরি হয়েছিল, তা এই সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের সাথে বিসিবির সম্পর্কের অবনতি শুরু হয় গত বছর থেকে, যখন নিরাপত্তার অজুহাতে ভারত তাদের বাংলাদেশ সফর বাতিল করেছিল। সম্প্রতি কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় সেই পরিস্থিতি আরও ঘোলাটে হয়। বিসিবি পরিচালকদের একটি অংশ প্রথমে নমনীয় অবস্থানের পক্ষে থাকলেও সরকারের হস্তক্ষেপের পর শেষ পর্যন্ত ভারত সফর বাতিলের সিদ্ধান্তই চূড়ান্ত হয়। এখন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বাংলাদেশের এই আবেদনের পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ নেয়, সেটাই দেখার বিষয়।