নিউ ইয়র্ক স্টেটের থ্রুওয়েতে টোল ফাঁকি দেওয়া এবং ভুয়া ও অস্পষ্ট নম্বর প্লেট ব্যবহারকারীদের বিরুদ্ধে এই শরতে এক বিশাল অভিযান পরিচালনা করা হয়েছে। গভর্নর ক্যাথি হোকল এই অভিযানের ফলাফল ঘোষণা করে জানিয়েছেন যে, নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিউ ইয়র্ক স্টেট পুলিশ ট্রুপ টি এবং থ্রুওয়ে অথরিটির যৌথ উদ্যোগে আলবানি, হাডসন ভ্যালি এবং সিরাকিউস এলাকায় মোট চারটি বড় ধরনের অভিযান চালানো হয়।
এই বিশেষ অভিযানে পুলিশ ১৭০টি গাড়ি জব্দ করেছে এবং বিভিন্ন অপরাধে ১,০০০-এর বেশি মামলা দায়ের করা হয়েছে। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, জব্দকৃত গাড়ির মধ্যে ৩০টির রেজিস্ট্রেশন স্থগিত ছিল এবং সেগুলোর বিপরীতে প্রায় ৮২,০০০ ডলারের টোল বকেয়া ছিল। এখন পর্যন্ত ১৬ জন মালিকের কাছ থেকে বকেয়া অর্থের প্রায় ৪৬ শতাংশ বা ৩৮,০০০ ডলার উদ্ধার করা সম্ভব হয়েছে।
গভর্নর হোকল এক বিবৃতিতে বলেন, টোল ফাঁকি দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে এই কঠোর অবস্থান সাধারণ নাগরিকদের জন্য যাতায়াত আরও সাশ্রয়ী এবং ন্যায্য করে তুলবে। এর ফলে সংগৃহীত অর্থ দিয়ে রাস্তা ও সেতুর অবকাঠামোগত উন্নয়ন করা সম্ভব হবে, যা সবার জন্য নিরাপদ ভ্রমণের নিশ্চয়তা দেবে। এ বছর গ্রীষ্মকালীন এবং শরতের অভিযান মিলিয়ে মোট ৩১০টি গাড়ি জব্দ করা হয়েছে এবং বকেয়া ২০৭,০০০ ডলারের মধ্যে ১’লক্ষ ১৬ হাজার ডলার উদ্ধার করা হয়েছে।
থ্রুওয়ে অথরিটির নির্বাহী পরিচালক ফ্রাঙ্ক জি হোয়ার জানান, যারা আইন মেনে চলেন তাদের স্বার্থ রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে কেবল টোল ফাঁকি নয়, বরং অতিরিক্ত গতি, সিটবেল্ট না পরা, লাইসেন্সের মেয়াদ শেষ হওয়া এবং মাদক সংক্রান্ত অপরাধের জন্যও অনেককে গ্রেপ্তার করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, মোট মামলার প্রায় অর্ধেকই ছিল নম্বর প্লেট সংক্রান্ত জালিয়াতির বিরুদ্ধে। চারটি অভিযানের মধ্যে গভর্নর মারিও এম ক্যুমো ব্রিজ এলাকাতেই সবচেয়ে বেশি গাড়ি জব্দ করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে প্রশাসন স্পষ্ট বার্তা দিয়েছে যে, অবৈধ আচরণ কোনোভাবেই সহ্য করা হবে না।