নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল, ৪ নভেম্বর। ভোটের আগ মুহূর্তে প্রকাশিত চারটি সর্বশেষ জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানী স্পষ্টভাবে এগিয়ে আছেন, যদিও কিছু জরিপে স্বতন্ত্র প্রার্থী এন্ড্রু ক্যুমোর সঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বিতা ঘনিষ্ঠ বলে ইঙ্গিত মিলেছে।
এমারসন কলেজ, পিআইএক্স ১১ ও দ্য হিলের যৌথ জরিপে মামদানী পেয়েছেন ৫০ শতাংশ ভোটার সমর্থন, যেখানে ক্যুমো আছেন ২৫ শতাংশে এবং রিপাবলিকান কার্টিস স্লিওয়া ২১ শতাংশে। মারিস্ট জরিপ অনুযায়ী, মামদানী ক্যুমোর চেয়ে ১৬ পয়েন্টে এবং স্লিওয়ার তুলনায় ৩২ পয়েন্টে এগিয়ে। কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের জরিপে মামদানীর সমর্থন ৪৩ শতাংশ, ক্যুমো ৩৩ শতাংশ ও স্লিওয়া ১৪ শতাংশ। সাফোক বিশ্ববিদ্যালয়ের জরিপে প্রতিদ্বন্দ্বিতা তুলনামূলক ঘনিষ্ঠ—মামদানী ৪৪ শতাংশ, ক্যুমো ৩৪ শতাংশ এবং স্লিওয়া ১১ শতাংশ ভোটার সমর্থন পেয়েছেন।
বিশ্লেষকদের মতে, মামদানীর জনপ্রিয়তা বিশেষ করে তরুণ ও কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিপরীতে, ক্যুমোর সমর্থন সামান্য কমেছে। রিপাবলিকান প্রার্থী স্লিওয়া প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে না দাঁড়ানোয় ক্যুমোর সম্ভাবনা কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও তারা মনে করছেন।
আগাম ভোটে মামদানীর অবস্থান দৃঢ়। অধিকাংশ সম্ভাব্য ভোটার জানিয়েছেন, তাঁরা নির্বাচনের দিন সরাসরি কেন্দ্রে গিয়ে ভোট দিতে চান।
ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট ও ফিলিস্তিনপন্থী হিসেবে পরিচিত কুইন্সের আইনপ্রণেতা জোহরান মামদানী এখন পর্যন্ত নিউইয়র্কের পরবর্তী মেয়র হিসেবে এগিয়ে আছেন। তবে সিদ্ধান্তহীন ভোটাররাই শেষ পর্যন্ত নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
সূত্র: এনবিসি নিউজ