নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনের চূড়ান্ত পর্যায়ে ডেমোক্র্যাটিক প্রার্থী ও শীর্ষ প্রতিদ্বন্দ্বী জোহরান মামদানী সাবেক গভর্নর অ্যান্ড্রু ক্যুমোর চেয়ে স্পষ্টভাবে এগিয়ে আছেন। সাম্প্রতিক তিনটি জনমত জরিপে দেখা গেছে, মামদানী ক্যুমোর তুলনায় ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত এগিয়ে রয়েছেন।
কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের বুধবার প্রকাশিত জরিপ অনুযায়ী, মামদানী বর্তমানে ক্যুমোর চেয়ে ১০ শতাংশ এগিয়ে আছেন। এতে মামদানীর পক্ষে ৪৩ শতাংশ, ক্যুমোর ৩৩ শতাংশ এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ার পক্ষে ১৪ শতাংশ ভোটার সমর্থন জানিয়েছেন। কয়েক সপ্তাহ আগের জরিপে মামদানীর সমর্থন ছিল ৪৬ শতাংশ এবং ক্যুমোর ৩৩ শতাংশ। যদিও মেয়র এরিক অ্যাডামস নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ানোর পর ক্যুমোর অবস্থান কিছুটা শক্ত হয়েছে।
কুইনিপিয়াকের সহকারী পরিচালক মেরি স্নো বলেন, “জোহরান মামদানী এখন অ্যান্ড্রু ক্যুমোর চেয়ে এগিয়ে থাকলেও শেষ মুহূর্তের ভোটারদের সিদ্ধান্ত ফলাফলে প্রভাব ফেলতে পারে।”
অন্যদিকে এমারসন কলেজ, পিক্স ১১ এবং দ্য হিলের যৌথ জরিপে মামদানীকে আরও বড় ব্যবধানে এগিয়ে থাকতে দেখা গেছে। সেখানে মামদানীর সমর্থন ৫০ শতাংশ, ক্যুমোর ২৫ শতাংশ এবং স্লিওয়ার ২১ শতাংশ। এই জরিপে মামদানীর জনপ্রিয়তা গত মাসের তুলনায় ৭ শতাংশ বেড়েছে, যেখানে ক্যুমোর সমর্থন কমেছে ৩ শতাংশ।
ডেমোক্র্যাটিক প্রাইমারিতে ক্যুমোকে হারানোর পর কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে মামদানীর জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাদের মধ্যে তার সমর্থন ৫০ শতাংশ থেকে বেড়ে ৭১ শতাংশে পৌঁছেছে। মারিস্ট ইনস্টিটিউট ফর পাবলিক ওপিনিয়নের সর্বশেষ জরিপেও মামদানী ক্যুমোর চেয়ে ১৬ শতাংশ এগিয়ে রয়েছেন—সেখানে মামদানী ৪৮ শতাংশ, ক্যুমো ৩২ শতাংশ এবং স্লিওয়া ১৬ শতাংশ ভোটার সমর্থন পেয়েছেন।
তরুণ ভোটারদের মধ্যেও মামদানীর বিপুল জনপ্রিয়তা লক্ষ্য করা গেছে। মারিস্ট জরিপে দেখা যায়, ৪৫ বছরের নিচের ভোটারদের মধ্যে মামদানীর সমর্থন ৬৪ শতাংশ, যেখানে ক্যুমোর পক্ষে রয়েছে মাত্র ২১ শতাংশ। তবে ৪৫ বছরের ঊর্ধ্ব ভোটারদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তুলনামূলকভাবে ঘনিষ্ঠ—ক্যুমো ৩৯ শতাংশ এবং মামদানী ৩৮ শতাংশ সমর্থন পেয়েছেন। উদারপন্থী ভোটারদের মধ্যে মামদানী এগিয়ে থাকলেও মধ্যপন্থীদের মধ্যে ক্যুমো সামান্য এগিয়ে আছেন। রক্ষণশীল ভোটারদের প্রায় ৪৫ শতাংশই সমর্থন দিচ্ছেন রিপাবলিকান প্রার্থী স্লিওয়াকে।
আগামী ৪ নভেম্বর নিউইয়র্কে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে মামদানী এখন এক সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছেন—একদিকে তার দীর্ঘদিনের ফিলিস্তিনপন্থী অবস্থান, অন্যদিকে ইহুদি ভোটারদের বড় অংশের সমর্থন ধরে রাখার কৌশল।
মামদানীর প্রতি সমর্থন জানিয়েছে একাধিক প্রগতিশীল ইহুদি সংগঠন, যেমন বেন্ড দ্য আর্ক, জিউইশ ভয়েস ফর পিস (জেভিপি) অ্যাকশন এবং জিউস ফর রেসিয়াল অ্যান্ড ইকোনমিক জাস্টিস (জেএফআরইজে)। এসব সংগঠন গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের ভূমিকার সমালোচনা করেছে এবং মামদানীর প্রচারে সক্রিয়ভাবে কাজ করছে।
জেনিথ রিসার্চের সর্বশেষ জরিপ অনুযায়ী, নিউইয়র্কে বসবাসরত ইহুদি ভোটারদের মধ্যেও মামদানী এগিয়ে আছেন—তার সমর্থন ক্যুমোর তুলনায় অন্তত ১০ শতাংশ বেশি। এই ধারাবাহিক অগ্রগতি ইঙ্গিত দিচ্ছে, আসন্ন মেয়র নির্বাচনে মামদানী এখন স্পষ্টভাবে বিজয়ের দোরগোড়ায়।