এখন সময় ডেস্ক • প্রকাশিত: ২৪ নভেম্বার ২০২৫, ০৫:৪৯ এ এম • অনলাইন সংস্করণ

নিউইয়র্কে স্থগিত হওয়া নাগরিকত্বের শপথ অনুষ্ঠান আবার চালু

নিউইয়র্কে স্থগিত হওয়া নাগরিকত্বের শপথ অনুষ্ঠান আবার চালু

যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) নিউইয়র্ক স্টেটের কয়েকটি কাউন্টিতে স্থগিত হওয়া নাগরিকত্ব প্রদানের শপথ অনুষ্ঠান পুনর্বহাল করেছে। এক কংগ্রেসম্যানের আপিলের পর সংস্থাটি সিদ্ধান্ত বদলায়। তিনি জানান, অনুষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হওয়া উচিত ছিল না।

গত মঙ্গলবার ইউএসসিআইএস জানায়, কয়েকটি কাউন্টির আদালত ফেডারেল মানদণ্ড পূরণ করতে না পারায় সেখানে শপথ অনুষ্ঠান বন্ধ করা হয়। সংস্থার মুখপাত্র ম্যাথিউ জে. ট্র্যাজেসার জানান, যাদের অনুষ্ঠান স্থগিত হয়েছে তাদের নতুন তারিখ নির্ধারণ করে অন্যত্র প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে।

এরপর শুক্রবার রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক ললার জানান, তিনি সংস্থার পরিচালক জোসেফ বি. এডলোর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন এবং বৃহস্পতিবার বিকেলে পরিচালক সিদ্ধান্ত ফিরিয়ে নেন। ললার বলেন, আমেরিকান নাগরিকত্ব নেওয়া মানুষের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উদযাপনের মুহূর্ত, যা মূল্যায়ন করা উচিত।

ইউএসসিআইএস এই সিদ্ধান্ত পুনর্বহালের কারণ সম্পর্কে কোনো মন্তব্য করেনি। ওয়েস্টচেস্টার কাউন্টির ক্লার্ক টিমোথি সি. আইডোনি জানান, অন্তত সাতটি কাউন্টি এই স্থগিতাদেশের প্রভাবে পড়েছিল। তিনি কংগ্রেসম্যান ললারের কাছ থেকে অনুষ্ঠান পুনরায় চালুর খবর পেলেও শুক্রবার বিকেল পর্যন্ত ফেডারেল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বার্তা পাননি।