এখন সময় ডেস্ক • প্রকাশিত: ২৪ নভেম্বার ২০২৫, ০৯:৪২ পিএম • অনলাইন সংস্করণ

নিউইয়র্কে এস্পাইয়াটের বিরুদ্ধে প্রগতিশীল চ্যালেঞ্জে নতুন রাজনৈতিক জোয়ার

নিউইয়র্কে এস্পাইয়াটের বিরুদ্ধে প্রগতিশীল চ্যালেঞ্জে নতুন রাজনৈতিক জোয়ার

নিউইয়র্ক সিটির রাজনৈতিক পরিবেশে আবারও নতুন উত্তেজনা তৈরি করেছে জাস্টিস ডেমোক্র্যাটস। ২০১৮ সালে আলেকজান্দ্রিয়া অকাসিও-কর্টেজকে কংগ্রেসে পৌঁছে দেওয়া এই সংগঠন এবার চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে বর্তমান কংগ্রেসম্যান অ্যাড্রিয়ানো এস্পাইয়াটের বিরুদ্ধে। হার্লেমভিত্তিক সংগঠক দারিয়ালিজা অ্যাভিলা শেভালিয়েরকে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের জন্য নিউইয়র্কে তাদের প্রথম প্রার্থী হিসেবে সমর্থন জানানো হয়েছে।

৩১ বছর বয়সী অ্যাভিলা শেভালিয়ের বলেন, এস্পাইয়াটের কার্যক্রম এবং নবনির্বাচিত মেয়র জোহরান মামদানীর সাফল্য তাঁকে নির্বাচনে দাঁড়াতে অনুপ্রাণিত করেছে। তাঁর দাবি, এস্পাইয়াট করপোরেট স্বার্থের প্রতি বেশি ঝুঁকেছেন, ফলে এলাকার কর্মজীবী পরিবারগুলো উপেক্ষিত হয়েছে। তিনি অভিযোগ করেন, বাড়িওয়ালা, এআইপ্যাক ও বিভিন্ন করপোরেট পিএসি থেকে অর্থ নিয়ে এস্পাইয়াট ভাড়া বৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় খরচ বাড়ার সংকট থেকে মুখ ফিরিয়ে রেখেছেন। তাঁর মতে, নিউইয়র্কবাসী এখন ভিন্নধারার নেতৃত্ব চান, আর সাম্প্রতিক মেয়র নির্বাচন সেই বার্তাই দিয়েছে।

এস্পাইয়াটের প্রচার শিবির অবশ্য বলছে, তিনি সবসময়ই কর্মজীবী পরিবারের জীবনযাত্রা সাশ্রয়ী করতে কাজ করেছেন এবং উপেক্ষিত সম্প্রদায়ের পক্ষে দাঁড়িয়েছেন। তাঁরা একটি সক্রিয় ও প্রতিযোগিতামূলক প্রাইমারিকে স্বাগত জানিয়ে তাঁর ধারাবাহিক নেতৃত্বের পক্ষে জনগণের সামনে যুক্তি তুলে ধরার প্রত্যাশা জানিয়েছেন।

জাস্টিস ডেমোক্র্যাটসের কমিউনিকেশনস ডিরেক্টর উসামাহ আন্দ্রাবি জানান, হাকিম জেফ্রিস ও ড্যানিয়েল গোল্ডম্যানের বিরুদ্ধে প্রার্থী সমর্থনের বিষয়টি তারা বিবেচনা করছে। তবে আপাতত এস্পাইয়াটকে সরানোর দিকেই তাদের প্রধান লক্ষ্য।

এস্পাইয়াট নিউইয়র্কের রাজনীতিতে গুরুত্বপূর্ণ লাতিনো মুখ হিসেবে পরিচিত। হার্লেম, ওয়াশিংটন হাইটস থেকে ওয়েস্ট ব্রংক্স পর্যন্ত বিস্তৃত তাঁর ডিস্ট্রিক্ট মেয়র নির্বাচনে ব্যাপকভাবে মামদানীকে সমর্থন করেছিল। যদিও প্রাইমারিতে তিনি এন্ড্রু ক্যুমোকে সমর্থন করেছিলেন, পরে সাধারণ নির্বাচনের আগে তিনি মামদানীর পাশে দাঁড়ান।

নগরজুড়ে এখন একের পর এক প্রতিষ্ঠিত ডেমোক্র্যাটদের বিরুদ্ধে প্রগতিশীলদের চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। সিটি কাউন্সিল সদস্য চি অসে ঘোষণা দিয়েছেন, তিনি হাকিম জেফ্রিসের বিরুদ্ধে লড়বেন। সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডারও প্রস্তুতি নিচ্ছেন ড্যানিয়েল গোল্ডম্যানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার জন্য।

দীর্ঘদিনের কংগ্রেসম্যান জেরোল্ড ন্যাডলারের অবসরের ঘোষণার পর তাঁর আসনে নতুন প্রার্থীদের ভিড় দেখা যাচ্ছে—এদের মধ্যে আছেন এক কেনেডি উত্তরসূরি এবং জেন জেড বামপন্থী একজন প্রার্থীও।

অ্যাভিলা শেভালিয়ের, যিনি মামদানীর প্রচারণায় কাজ করেছিলেন, মনে করেন—মেয়র নির্বাচনের ফলাফল নিউইয়র্ক রাজনীতিতে প্রগতিশীলদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। তাঁর মতে, এই গতি ধরে রাখতে না পারলে সব পরিশ্রম ব্যর্থ হবে।

এটাই তাঁর প্রথম নির্বাচন। তিনি হার্লেমের একটি পাবলিক ডিফেন্ডার অফিসে তদন্তকারী হিসেবে কাজ করেন এবং একই সঙ্গে একজন পিএইচডি শিক্ষার্থী। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল-হামাস যুদ্ধবিরোধী বিক্ষোভ সংগঠনে সামনের সারিতে ছিলেন তিনি।

প্রগতিশীল শিবিরের এই নতুন জোয়ার আগামী বছর নিউইয়র্কের ডেমোক্র্যাটিক প্রাইমারিতে বড় প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে।