খেলাধুলা ডেস্ক • প্রকাশিত: ০৫ নভেম্বার ২০২৫, ০৩:৪২ এ এম • অনলাইন সংস্করণ

নারী ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট

নারী ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট

 স্পোর্টস ডেস্ক

সদ্য শেষ হওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে রানের ঝড় তোলার পর এবার আইসিসির র‌্যাংকিংয়েও শীর্ষে উঠেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা ভলভার্ট। বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে তিনি ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা ও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যাশলে গার্ডনারকে পেছনে ফেলেছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) প্রকাশিত আইসিসির সাপ্তাহিক হালনাগাদ র‌্যাংকিংয়ে ভলভার্টের নাম এখন ব্যাটারদের তালিকার এক নম্বরে।

সম্প্রতি অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপে ৯ ম্যাচে ৯ ইনিংস খেলে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরির সাহায্যে ৫৭১ রান করেন তিনি। এটি নারী ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে এক আসরে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড।

সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১৬৯ এবং ফাইনালে ভারতের বিপক্ষে ১০১ রানের দারুণ ইনিংস খেলেন এই প্রোটিয়া অধিনায়ক। তার ধারাবাহিক ব্যাটিংয়ের পুরস্কার হিসেবেই তিনি র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে উঠেছেন। বর্তমানে তার রেটিং ৮১৪।

মাত্র তিন রেটিং পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ভারতের স্মৃতি মান্ধানা (৮১১), আর তৃতীয় স্থানে নেমে গেছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার (৭৩৮)।

এদিকে, তিন ধাপ এগিয়ে র‌্যাংকিংয়ের অষ্টম স্থানে উঠেছেন অস্ট্রেলিয়ার অ্যালিসা পেরি। নিউজিল্যান্ডের সোপি ডিভাইনের সঙ্গে তার রেটিং সমান—৬৬৯। অন্যদিকে, নয় ধাপ এগিয়ে দশম স্থানে জায়গা করে নিয়েছেন ভারতের জেমিমা রদ্রিগেজ। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২৭ রানের ইনিংস খেলে তিনি এই অবস্থান নিশ্চিত করেন।

বোলারদের র‌্যাংকিংয়ে ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন ৭৪৭ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন। দক্ষিণ আফ্রিকার মারিজান কাপ দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষ অবস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার গার্ডনার।