এশীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা এএফসি বড়সড় শাস্তির কোপ বসাল ভারতের ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগানের ওপর। ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত এএফসির যেকোনো স্তরের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হয়েছে এই ক্লাবকে। একই সঙ্গে প্রায় ১ লাখ ৭২৯ ডলারের বিশাল অঙ্কের আর্থিক জরিমানাও করা হয়েছে সবুজ-মেরুন শিবিরকে।
মূলত গত সেপ্টেম্বর মাসে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ম্যাচে ইরানের ক্লাব সেপাহানের বিপক্ষে খেলতে না যাওয়ার কারণেই এই কঠোর পদক্ষেপ নিয়েছে এশিয়ান ফুটবল কাউন্সিল। সেই সময় মধ্যপ্রাচ্যের যুদ্ধকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে ফুটবলারদের নিরাপত্তার স্বার্থে ইরানে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল মোহনবাগান কর্তৃপক্ষ। ক্লাবের পক্ষ থেকে ম্যাচটি কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করার আবেদন জানানো হলেও এএফসি তাতে কর্ণপাত করেনি। জেসন কামিংস ও জেমি ম্যাকলারেনের মতো বিদেশি তারকারা সরাসরি ইরানে গিয়ে খেলার ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন।
প্রাথমিক পর্যায়ে এএফসি জানিয়েছিল যে চলতি মৌসুমে মোহনবাগানের সংগৃহীত সব পয়েন্ট বাতিল করা হবে। তবে শেষ পর্যন্ত শৃঙ্খলারক্ষা ও এথিকস কমিটি ক্লাবটিকে দীর্ঘমেয়াদী নির্বাসনের পথে হাঁটল। এই শাস্তির ফলে আগামী দুই মৌসুমে মোহনবাগান যদি ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়নও হয়, তবুও তারা মহাদেশীয় কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবে না। নিরাপত্তার প্রশ্ন তুলে ফুটবলারদের স্বার্থ রক্ষা করতে গিয়ে এমন চরম মাশুল দিতে হবে তা হয়তো ক্লাব কর্তারা আগে ভাবেননি।