বেতন কাঠামোতে দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায়ে রোববার থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’, যা চারটি শিক্ষক সংগঠনের সমন্বয়ে গঠিত।
এর আগে দুপুর থেকে শিক্ষকরা কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। বিকেলে তারা মিছিল নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হলে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে মিছিল ছত্রভঙ্গ করে। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন এবং দুজনকে পুলিশ আটক করে।
আহত শিক্ষকদের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবে দাবি জানাচ্ছিলেন, অথচ বিনা উসকানিতে পুলিশ তাদের ওপর হামলা চালায়। এ প্রসঙ্গে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, “আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বর্বরভাবে হামলা চালিয়েছে। অর্ধশতাধিক শিক্ষক আহত হয়েছেন।”
অন্যদিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমকে জানান, শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যবস্থা নেয়।
প্রাথমিক শিক্ষকরা দীর্ঘদিন ধরে তাদের তিন দফা দাবির মধ্যে বেতন কাঠামোতে দশম গ্রেড বাস্তবায়ন, পদোন্নতি ব্যবস্থার সংস্কার এবং শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন।