এখন সময় ডেস্ক • প্রকাশিত: ২৫ অক্টোবার ২০২৫, ১১:১৮ পিএম • অনলাইন সংস্করণ

থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত আর নেই

থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত আর নেই

থাইল্যান্ডের সাবেক রানি ও বর্তমান রাজা ভজিরালংকর্নের মা রানি সিরিকিত আর নেই। শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টা ২১ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে ৯৩ বছর বয়সে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

থাই রাজপরিবারের দপ্তর এক বিবৃতিতে জানায়, রানি সিরিকিত দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। চলতি মাসে তার রক্তে সংক্রমণ দেখা দেয়, যা পরে গুরুতর আকার ধারণ করে।

রানি সিরিকিত ছিলেন থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় রাজত্ব করা রাজা ভূমিবল আদুলিয়াদেজের স্ত্রী। রাজা ভূমিবল ২০১৬ সালে মৃত্যুবরণ করেন। বর্তমান রাজা ভজিরালংকর্ন তার মায়ের জন্য রাজকীয় অন্ত্যেষ্টিক্রিয়ার নির্দেশ দিয়েছেন। রাজকীয় নিয়ম অনুযায়ী, রানি সিরিকিতের মরদেহ ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের দুসিত থ্রোন হলে রাষ্ট্রীয় মর্যাদায় সংরক্ষিত থাকবে। রাজপরিবারের সদস্যরা এক বছরব্যাপী শোক পালন করবেন।

বিবিসির তথ্যমতে, ফ্রান্সে সঙ্গীত নিয়ে পড়াশোনার সময় রাজা ভূমিবলের সঙ্গে সিরিকিতের পরিচয় হয়। সে সময় সিরিকিতের বাবা ছিলেন ফ্রান্সে থাইল্যান্ডের রাষ্ট্রদূত। ব্যাংককে রাজা ভূমিবলের অভিষেকের মাত্র এক সপ্তাহ আগে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

১৯৬০-এর দশকে রাজা ভূমিবল ও রানি সিরিকিত বিশ্ব সফরে বেরিয়েছিলেন। এ সময় তারা মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার, রানি দ্বিতীয় এলিজাবেথ ও কিংবদন্তি সংগীতশিল্পী এলভিস প্রিসলির সঙ্গেও সাক্ষাৎ করেন।

রানি সিরিকিত থাই জনগণের কাছে “জাতির মা” হিসেবে পরিচিত ছিলেন। তার জন্মদিন ১২ আগস্ট দেশজুড়ে ‘মা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে ১৯৭৬ সাল থেকে।

২০১২ সালে স্ট্রোকের পর থেকে তিনি জনসমক্ষে খুব কমই দেখা দিতেন। মৃত্যুকালে রানি সিরিকিত এক পুত্র ও তিন কন্যাকে রেখে গেছেন।