ঢাকা অফিস • প্রকাশিত: ২৯ অক্টোবার ২০২৫, ১২:২২ এ এম • অনলাইন সংস্করণ

ডেঙ্গুর ছোবলে নিভে গেল বিশ্বজয়ী তরুণ হাফেজ ত্বকীর জীবন

ডেঙ্গুর ছোবলে নিভে গেল বিশ্বজয়ী তরুণ হাফেজ ত্বকীর জীবন

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন তিনবারের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  


বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার শিক্ষক ও মারকাযুত তাহফিজের প্রতিষ্ঠাতা হাফেজ কারী শায়খ নেছার আহমদ আন-নাছিরী।  


হাফেজ ত্বকী মারকাযুত তাহফিজ থেকে হিফজ সম্পন্ন করেন এবং এই প্রতিষ্ঠান থেকেই একাধিকবার জাতীয় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। পরবর্তীতে তিনি নারায়ণগঞ্জের একটি মাদরাসায় কিতাব বিভাগে অধ্যয়নরত ছিলেন।  


ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। পরে লাইফ সাপোর্টে নেওয়া হলেও শেষ পর্যন্ত সেখানে মৃত্যুবরণ করেন তিনি।  


বিশ্বব্যাপী বিভিন্ন আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছিলেন হাফেজ সাইফুর রহমান ত্বকী। ২০১৭ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৬২টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন তিনি। পরবর্তীতে কুয়েত ও বাহরাইনেও শীর্ষস্থান অর্জন করে বাংলাদেশের গৌরব বাড়ান এই প্রতিভাবান হাফেজ।  


দেশীয় পর্যায়েও তিনি এনটিভির জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠান ‘কুরআনের আলো’সহ বিভিন্ন কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হন।  


২০০০ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে জন্মগ্রহণ করেন হাফেজ ত্বকী। তার বাবা মাওলানা বদিউল আলম পেশায় একজন মাদরাসা শিক্ষক। তরুণ এই বিশ্বজয়ী হাফেজের অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও ধর্মপ্রাণ মানুষজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার মৃত্যুতে অসংখ্য মানুষ শোক প্রকাশ করছেন।