ঢাকা অফিস • প্রকাশিত: ২৮ অক্টোবার ২০২৫, ১২:৪১ এ এম • অনলাইন সংস্করণ

জোটবদ্ধ নির্বাচনেও নিজ দলের প্রতীক বাধ্যতামূলক—বিধানে আপত্তি বিএনপির

জোটবদ্ধ নির্বাচনেও নিজ দলের প্রতীক বাধ্যতামূলক—বিধানে আপত্তি বিএনপির

জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকেই ভোটে অংশ নিতে হবে—নির্বাচনী আইন (আরপিও) সংশোধনের এই বিধানের বিরোধিতা করেছে বিএনপি। দলটি বলছে, এই পরিবর্তন গণতান্ত্রিক চর্চার পরিপন্থী এবং তাদের কাছে গ্রহণযোগ্য নয়।

রোববার (২৬ অক্টোবর) সকালে বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক করে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে আপত্তিপত্র জমা দেয়। বৈঠক শেষে দলের চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাঈল জবিউল্লাহ সাংবাদিকদের বলেন, “আমরা স্পষ্টভাবে জানিয়েছি, আরপিওর ২০ নম্বর অনুচ্ছেদে প্রস্তাবিত সংশোধনের সঙ্গে বিএনপি একমত নয়। আগের বিধান বহাল রাখার অনুরোধ জানিয়েছি।”

সম্প্রতি উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর আরপিও সংশোধন অধ্যাদেশ রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তাতে অনুচ্ছেদ–২০–এ বলা হয়েছে, কোনো প্রার্থী জোটভুক্ত হলেও তাকে নিজ দলের প্রতীকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।

ইসমাঈল জবিউল্লাহ বলেন, “অতীতে বিভিন্ন রাজনৈতিক দল জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়েছে—নিজেদের প্রতীক বা জোটসঙ্গীর প্রতীকে ভোট করেছে। এতে কখনো কোনো জটিলতা দেখা যায়নি, তাই এ পরিবর্তনের প্রয়োজন নেই।”

তিনি আরও জানান, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদনের পর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মতামত চাওয়া হয়েছিল। তখনই বিএনপি স্পষ্টভাবে জানায়, অনুচ্ছেদ–২০ সংশোধনের প্রস্তাবের সঙ্গে তারা একমত নয়। বিষয়টি নির্বাচন কমিশন, ঐকমত্য কমিশন ও সরকারকেও আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

ইসমাঈল জবিউল্লাহ আরও দাবি করেন, “বর্তমান সরকারের উচ্চপর্যায় ও উপদেষ্টা পরিষদের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে আশ্বস্ত করা হয়েছিল যে আরপিওর ২০ নম্বর অনুচ্ছেদে কোনো পরিবর্তন আনা হবে না। কিন্তু এখন সেই প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে।”

বিএনপি মনে করে, এ ধরনের পরিবর্তন জোট রাজনীতিকে দুর্বল করবে এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পরিপন্থী হবে। দলটি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানিয়েছে—আরপিওর আগের বিধান বহাল রেখে সংশোধন প্রক্রিয়া পুনর্বিবেচনা করতে।