দেশের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগ মাধ্যম, ওয়েবসাইট ও ইলেকট্রনিক মিডিয়ায় সম্প্রতি জুয়া, বেটিং এবং পর্নোগ্রাফি সম্পর্কিত বিজ্ঞাপন ও প্রমোশনাল কনটেন্ট প্রচারের প্রবণতা বেড়েছে। সরকার জানিয়েছে, এসব কার্যক্রম সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর পরিপন্থী এবং দণ্ডনীয় অপরাধ।
এ বিষয়ে ইতোমধ্যে একাধিক প্রজ্ঞাপন ও সতর্কবার্তা জারি করেছে সরকার। সর্বশেষ নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৯ অক্টোবর (রোববার) থেকে কোনো সংবাদপত্র (অনলাইন সংস্করণসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে যদি জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি-সংক্রান্ত কনটেন্ট প্রচারিত হয়, তাহলে বিনা নোটিশে সংশ্লিষ্ট সাইট বন্ধ করে দেওয়া হবে।
সরকারের এ নির্দেশনা পাওয়ার পর ক্রিকইনফো, জনকণ্ঠ, ঢাকা পোস্টসহ কয়েকটি সংবাদমাধ্যম তাদের গুগল অ্যাডসেন্স নীতিমালা পরিবর্তন করেছে। এ উদ্যোগের জন্য তাদের ধন্যবাদ জানিয়েছে সরকার।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সাইবার স্পেসকে নিরাপদ, নৈতিক ও তরুণ প্রজন্মবান্ধব রাখতে সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। এ লক্ষ্যে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বিটিআরসি, জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ), এনটিএমসি, এনএসআই এবং বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) যৌথভাবে কাজ করছে।
শনিবার (১৮ অক্টোবর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।