ঢাকা অফিস • প্রকাশিত: ১৬ অক্টোবার ২০২৫, ০১:০৯ এ এম • অনলাইন সংস্করণ

জুলাই জাতীয় সনদ অনিশ্চিত: বাস্তবায়ন পদ্ধতি নিয়ে মতবিরোধ

জুলাই জাতীয় সনদ অনিশ্চিত: বাস্তবায়ন পদ্ধতি নিয়ে মতবিরোধ

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সনদের বাস্তবায়ন প্রক্রিয়া ও কাঠামো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধই এই অনিশ্চয়তার মূল কারণ বলে জানা গেছে।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। এর আগে কমিশনের সদস্যরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করেছেন।

সর্বমোট ৬টি সংস্কার কমিশনের ৮৪টি প্রস্তাবের ভিত্তিতে তৈরি করা হয়েছে জুলাই জাতীয় সনদ, যা শুক্রবার স্বাক্ষরের কথা ছিল। গত মঙ্গলবার রাতে সনদের চূড়ান্ত খসড়া দলগুলোর কাছে পাঠানো হলেও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এখনো কোনো ঐক্যমত্য হয়নি। কমিশনের আলাদা সুপারিশ চূড়ান্ত না হওয়ায় জটিলতা আরও বেড়েছে।

গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়নের বিষয়ে দলগুলো একমত হলেও ভোটের সময়, পদ্ধতি ও কাঠামো নিয়ে মতবিরোধ রয়ে গেছে। কয়েকটি দল সনদে সইয়ের আগে বাস্তবায়নবিষয়ক স্পষ্ট ব্যাখ্যা চায়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, তারা “সংবিধান আদেশ” জারি ছাড়া সনদে সই করবে না। তাদের মতে, জুলাই ঘোষণাপত্রে কিছু ছাড় দেওয়া হলেও এবার তা আর গ্রহণযোগ্য নয়। এনসিপি সংবিধান সংস্কারের নতুন প্রস্তাব নিয়েও আলোচনার দাবি তুলেছে।

অন্যদিকে, জামায়াতে ইসলামী এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। দলটির এক নীতিনির্ধারক জানান, সনদের কপি হাতে এসেছে—গরমিল পেলে তা জানানো হবে। তিনি সনদ ঘিরে “নানামুখী অপতৎপরতার” অভিযোগও করেন।

বামপন্থী কয়েকটি দল সনদে সই না করার ইঙ্গিত দিয়েছে, অন্যদিকে বিএনপি সনদের অঙ্গীকার অংশে একটি ধারা যুক্ত করার প্রস্তাব দিয়েছিল, যা কমিশন গ্রহণ করেনি।

উল্লেখ্য, গত ৩১ জুলাই দলগুলোর সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে প্রথম দফা আলোচনা শেষ হয়। পরবর্তীতে ৯ অক্টোবর পর্যন্ত রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পর কমিশন সনদের চূড়ান্ত খসড়া তৈরি করে।

ঐকমত্য কমিশনের সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যার বৈঠকেই সনদে সই করা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। প্রয়োজনে বাস্তবায়ন কাঠামো নিয়েও নতুন করে আলোচনা হতে পারে। বৈঠকটি বিটিভি নিউজে সরাসরি সম্প্রচার হওয়ার কথা রয়েছে।

কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর আজ সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় চূড়ান্ত দিকনির্দেশনা নির্ধারণ করা হবে।