ঢাকা অফিস • প্রকাশিত: ০২ নভেম্বার ২০২৫, ১১:৪০ পিএম • অনলাইন সংস্করণ

জামায়াতে ইসলামীর আমির হিসেবে তৃতীয়বার ডা. শফিকুর রহমান নির্বাচিত

জামায়াতে ইসলামীর আমির হিসেবে তৃতীয়বার ডা. শফিকুর রহমান নির্বাচিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আগামী ২০২৬–২০২৮ কার্যকালের জন্য আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। এটি তার টানা তৃতীয় মেয়াদ। দলটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত অভ্যন্তরীণ ভোটে তিনি সর্বোচ্চ ভোট পেয়ে পুনরায় এ দায়িত্ব লাভ করেন।

জামায়াতের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার রাতে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

এবারের ভোটগ্রহণ ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের রুকনদের মাধ্যমে গোপন ব্যালটে সম্পন্ন হয়। ভোট গ্রহণ শেষে দায়িত্বপ্রাপ্ত টিম গণনা সম্পন্ন করে প্রধান নির্বাচন কমিশনারের নিকট ফলাফল উপস্থাপন করে। পরে আনুষ্ঠানিকভাবেই ডা. শফিকুর রহমানকে নতুন আমির ঘোষণা করা হয়।

দলটির অভ্যন্তরীণ নির্বাচনী বিধি অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হওয়া এ নির্বাচনে রুকনদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য বলে জানায় সংগঠনটি।