এখন সময় ডেস্ক • প্রকাশিত: ২০ অক্টোবার ২০২৫, ০৩:৫০ এ এম • অনলাইন সংস্করণ

জামায়াতের ‘সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব আন্দোলন’ রাজনৈতিক প্রতারণা: নাহিদ ইসলাম

জামায়াতের ‘সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব আন্দোলন’ রাজনৈতিক প্রতারণা: নাহিদ ইসলাম

জামায়াতে ইসলামীর ঘোষিত ‘সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) আন্দোলন’কে একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বলে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার এক ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেন, ঐকমত্য কমিশনের সংস্কারপ্রক্রিয়া ও জাতীয় সংলাপের মূল লক্ষ্য থেকে জনগণের দৃষ্টি সরাতে এবং জুলাই অভ্যুত্থানের গণআন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পরিকল্পিতভাবে এই পিআর আন্দোলনের বিষয়টি সামনে আনা হয়েছে।

তিনি বলেন, সংবিধান সংস্কারের অংশ হিসেবে আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চকক্ষ গঠনের প্রস্তাব ছিল একটি মৌলিক দাবি। “আমরা চেয়েছিলাম বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সনদের আইনি কাঠামো তৈরি করতে এবং বাস্তব সংস্কারের পথে অগ্রসর হতে। কিন্তু জামায়াত ও তার সহযোগীরা সেই প্রক্রিয়াকে বিকৃত করেছে। তারা এটিকে একটি কাঠামোগত বা প্রযুক্তিগত বিষয়ে সীমিত করে নিজেদের দলীয় স্বার্থ রক্ষার হাতিয়ার বানিয়েছে,”—যোগ করেন নাহিদ ইসলাম।

তিনি অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের আগে ও পরে জামায়াতে ইসলামী কখনোই সংস্কার আলোচনায় যুক্ত হয়নি। “তারা কোনো গঠনমূলক প্রস্তাব দেয়নি, সাংবিধানিক দৃষ্টিভঙ্গিও উপস্থাপন করেনি, এমনকি গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো অঙ্গীকারও দেখায়নি,” বলেন তিনি।

জামায়াতের সাম্প্রতিক অবস্থানকে “কৌশলগত অনুপ্রবেশ” বলে উল্লেখ করে নাহিদ ইসলাম আরও বলেন, “সংস্কারের নামে তারা এক ধরনের রাজনৈতিক নাশকতা চালাচ্ছে। ঐকমত্য কমিশনের প্রতি আকস্মিক সমর্থন কোনো আন্তরিক সংস্কার আকাঙ্ক্ষা নয়; এটি ক্ষমতার রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা।”

তিনি বলেন, “বাংলাদেশের জনগণ এখন এই প্রতারণা বুঝে গেছে। তারা আর ভুয়া সংস্কারবাদী বা সুযোগসন্ধানী রাজনীতিকদের দ্বারা প্রতারিত হবে না। জনগণই সার্বভৌম ক্ষমতার প্রকৃত মালিক, তারা আর কখনো অসৎ ও নৈতিকভাবে দেউলিয়া শক্তিকে শাসনের সুযোগ দেবে না।”