আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন নিরাপত্তা ফিচার ‘পাসকি এনক্রিপশন’ চালু করেছে হোয়াটসঅ্যাপ। এই নতুন ব্যবস্থায় ব্যবহারকারীদের আর পাসওয়ার্ড বা দীর্ঘ এনক্রিপশন কোড মনে রাখার প্রয়োজন হবে না। এখন থেকে আঙুলের ছাপ, মুখাবয়ব শনাক্তকরণ বা ফোনের স্ক্রিন লকের মাধ্যমেই চ্যাট ব্যাকআপ সুরক্ষিত রাখা যাবে।
২০২১ সালে হোয়াটসঅ্যাপ প্রথমবারের মতো চ্যাট ব্যাকআপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা চালু করেছিল, যা সে সময় বড় কোনো মেসেজিং প্ল্যাটফর্মের ক্ষেত্রে ছিল যুগান্তকারী উদ্যোগ। তবে সেই ফিচার ব্যবহারের জন্য ব্যবহারকারীদের একটি পাসওয়ার্ড তৈরি করতে হতো অথবা ৬৪ অঙ্কের এনক্রিপশন কোড সংরক্ষণ করতে হতো। এতে ফোন হারানো বা নতুন ডিভাইসে ডেটা স্থানান্তরের সময় অনেকেই বিপাকে পড়তেন।
নতুন পাসকি প্রযুক্তি সেই জটিলতা পুরোপুরি দূর করেছে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এখন থেকে ব্যবহারকারীর ফোনে আগে থেকেই থাকা বায়োমেট্রিক নিরাপত্তা পদ্ধতি—যেমন ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা স্ক্রিন লক—ব্যবহার করেই ব্যাকআপ এনক্রিপশন সক্রিয় করা যাবে।
ফিচারটি চালু করতে ব্যবহারকারীকে হোয়াটসঅ্যাপের Settings → Chats → Chat Backup → End-to-End Encrypted Backup–এ গিয়ে এনক্রিপশন অন করতে হবে।
পাসকি এনক্রিপশন সক্রিয় করার পর ব্যবহারকারীর চ্যাট ব্যাকআপের তথ্য কেউই দেখতে পারবে না—এমনকি হোয়াটসঅ্যাপ নিজেও নয়। ফলে গুগল ড্রাইভ, আইক্লাউড কিংবা অন্য কোনো ক্লাউড সার্ভিসের কাছেও সেই ডেটা সম্পূর্ণরূপে অপ্রবেশযোগ্য থাকবে। এতে ব্যবহারকারীর ব্যক্তিগত চ্যাট ইতিহাস, ছবি, ভিডিও ও ভয়েস নোট নিরাপদ থাকবে কেবল তার নিজের নিয়ন্ত্রণে।
হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ধাপে ধাপে এই নতুন নিরাপত্তা সুবিধা সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।
সূত্র: দ্য ভার্জ