এখন সময় ডেস্ক • প্রকাশিত: ২০ নভেম্বার ২০২৫, ০৮:২৬ এ এম • অনলাইন সংস্করণ

গুগলের সিইও সুন্দর পিচাইয়ের সতর্কবার্তা: এআই–এর তথ্য অন্ধভাবে বিশ্বাস নয়

গুগলের সিইও সুন্দর পিচাইয়ের সতর্কবার্তা: এআই–এর তথ্য অন্ধভাবে বিশ্বাস নয়

গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা যে তথ্য দেয় তা যাচাই–বাছাই ছাড়া গ্রহণ করা বিপজ্জনক। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে বলেন, আধুনিক এআই মডেলগুলো এখনো ভুল করার ঝুঁকি বহন করে। তাই শুধুমাত্র এআইয়ের ওপর নির্ভর না করে অন্যান্য উৎস থেকেও তথ্য যাচাই করা জরুরি। পিচাইয়ের ভাষায়, এ কারণেই মানুষ এখনো গুগল সার্চকে বিশ্বাস করে, কারণ সার্চের মতো কিছু পণ্য সঠিক তথ্য দিতে তুলনামূলকভাবে বেশি নির্ভরযোগ্য।

তিনি জানান, সৃজনশীল লেখা বা আইডিয়া তৈরিতে এআই টুলস বেশ কার্যকর হলেও সবকিছু এদের ওপর ছেড়ে দেওয়া ঠিক নয়। প্রযুক্তি কোম্পানিগুলো নির্ভুল তথ্য প্রদানের জন্য বিপুল পরিশ্রম করলেও বর্তমান এআই ব্যবস্থায় ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়—এটাই বাস্তবতা।

গুগলের উন্নত ভোক্তাবিষয়ক এআই মডেল জেমিনি ৩.০ উন্মোচনের অপেক্ষায় প্রযুক্তি বিশ্ব। ইতোমধ্যেই এই মডেল চ্যাটজিপিটির কাছ থেকে হারানো বাজার পুনরুদ্ধার করতে শুরু করেছে। মে মাস থেকে গুগল সার্চে যুক্ত হওয়া নতুন এআই মোডে ব্যবহারকারীরা যেন কোনো বিশেষজ্ঞের সঙ্গে কথোপকথন করছেন—এমন অভিজ্ঞতা দিতে জেমিনি চ্যাটবটকে সরাসরি যুক্ত করা হয়েছে। পিচাই বলেন, সার্চে জেমিনির সংযুক্তি গুগলের এআই–নির্ভর রূপান্তরকে নতুন পর্যায়ে নিয়ে যাচ্ছে এবং এটি চ্যাটজিপিটির মতো সেবার সঙ্গে প্রতিযোগিতায় শক্ত অবস্থান নেওয়ার কৌশল।

এ বছরের শুরুর দিকে বিবিসির একটি গবেষণায় দেখা যায়, ওপেনএআইয়ের চ্যাটজিপিটি, মাইক্রোসফটের কোপাইলট, গুগলের জেমিনি ও পারপ্লেক্সিটি—সব এআই প্ল্যাটফর্মই সংবাদ সংক্ষেপণে ভুল করেছে এবং প্রশ্নের উত্তরে উল্লেখযোগ্য ত্রুটি দিয়েছে।

পিচাই সাক্ষাৎকারে বলেন, প্রযুক্তির দ্রুত অগ্রগতি ও তার সম্ভাব্য ঝুঁকি ঠেকাতে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার মধ্যে স্বভাবতই এক ধরনের টানাপোড়েন তৈরি হয়। অ্যালফাবেটের ক্ষেত্রে এর অর্থ হলো সাহসী হতে হবে, আবার একই সঙ্গে দায়িত্বশীলতাও বজায় রাখতে হবে। তিনি আরও জানান, এআই–এ বড় বিনিয়োগের সঙ্গে তাল মিলিয়ে গুগল নিরাপত্তা গবেষণায়ও বিনিয়োগ বাড়িয়েছে। এর অংশ হিসেবে তারা এমন ওপেন সোর্স প্রযুক্তি তৈরি করছে, যা দিয়ে নির্ণয় করা যাবে কোনো ছবি এআই–তৈরি কি না।

ইলন মাস্ক একসময় দাবি করেছিলেন, গুগলের মালিকানাধীন ডিপমাইন্ড ভবিষ্যতে এআই–নির্ভর এক ধরনের স্বৈরতন্ত্র তৈরি করতে পারে। এই প্রসঙ্গে পিচাই বলেন, এত শক্তিশালী প্রযুক্তির নিয়ন্ত্রণ কোনো একক কোম্পানির হাতে থাকা উচিত নয়। তাঁর মতে, যদি পৃথিবীর সব এআই প্রযুক্তি একটি কোম্পানি বানাত এবং সবাইকে সেটাই ব্যবহার করতে হতো, তাহলে উদ্বেগের কারণ থাকত। কিন্তু বর্তমান পরিস্থিতি সে রকম নয়।

সূত্র: বিবিসি