এখন সময় ডেস্ক • প্রকাশিত: ০৭ নভেম্বার ২০২৫, ১০:১৪ পিএম • অনলাইন সংস্করণ

গাজায় বহুজাতিক শান্তিরক্ষা বাহিনী গঠনের ঘোষণা ট্রাম্পের

গাজায় বহুজাতিক শান্তিরক্ষা বাহিনী গঠনের ঘোষণা ট্রাম্পের

মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে হোয়াইট হাউসে এক বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকায় বহুজাতিক শান্তিরক্ষা বাহিনী গঠনের পরিকল্পনা ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে ট্রাম্প জানান, খুব শিগগিরই এই উদ্যোগ বাস্তবায়িত হতে যাচ্ছে।

ট্রাম্প বলেন, “এটা খুব শিগগিরই হতে চলেছে।” তার মতে, গাজার বর্তমান পরিস্থিতি “খুব ভালোভাবে এগোচ্ছে।” তিনি আরও উল্লেখ করেন, এই পদক্ষেপ গাজায় যুদ্ধ-পরবর্তী শাসন কাঠামো গঠনের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রস্তাবিত এই শান্তিরক্ষা বাহিনীতে মিসর, কাতার, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের সৈন্যরা অংশ নিতে পারেন। ট্রাম্প জানান, “সমস্যা নিয়ে আপনারা এখন খুব বেশি কিছু শুনছেন না। আমি বলতে পারি, হামাসের সঙ্গে কোনো সমস্যা হলে দেশগুলো স্বেচ্ছায় সহযোগিতায় এগিয়ে এসেছে।”

এই বাহিনীর প্রধান দায়িত্ব হবে গাজায় যাচাইকৃত ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দেওয়া ও সহযোগিতা করা। পরিকল্পনাটিতে মিসর ও জর্ডানের সমর্থন থাকবে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্প সতর্ক করে বলেন, বর্তমানে গাজায় শান্তি বজায় রয়েছে এবং হামাস যদি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তবে তাদের নিজেদের কর্মকাণ্ডের ফল ভোগ করতে হবে।

সূত্র: আল জাজিরা