ইসরায়েলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরসহ একাধিক মন্ত্রী গাজায় পুনরায় সামরিক অভিযান শুরু করার আহ্বান জানিয়েছেন। শনিবার রাতে ও রবিবার সকালে গাজাজুড়ে একাধিক বিমান হামলার খবর প্রকাশের পর এই আহ্বান জানানো হয়।
রোববার (১৯ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, বেন-গভির সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, তিনি চান ইসরায়েলি বাহিনী সর্বোচ্চ শক্তি দিয়ে গাজা উপত্যকায় পূর্ণাঙ্গ যুদ্ধ পুনরায় শুরু করুক।
ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচও এক্সে মাত্র একটি শব্দ লিখে যুদ্ধের ইঙ্গিত দেন—“যুদ্ধ!”
এ ছাড়া প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি বলেন, “যতদিন হামাস থাকবে, যুদ্ধ চলবেই।”
নেতানিয়াহুর মন্ত্রিসভার আরেক সদস্য আভি ডিচটার পরিস্থিতিকে কঠিন ও জটিল বলে বর্ণনা করেন। তিনি দাবি করেন, হামাস যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে। ডিচটার বলেন, “জিম্মিদের মুক্তির বিষয়টি আমাদের নিয়ন্ত্রণে আছে। পরিস্থিতি বদলে গেছে, ইসরায়েল হামাসকে নিরস্ত্র করতে দৃঢ় প্রতিজ্ঞ।”
এর আগে, মার্কিন মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে কয়েক দিনের মধ্যেই মন্ত্রীদের এমন আক্রমণাত্মক মন্তব্য সেই চুক্তির স্থায়িত্ব ও ইসরায়েলের অঙ্গীকার নিয়ে নতুন করে সন্দেহ তৈরি করেছে।